
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১: ৪১
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা সহ্য করার ক্ষমতা মধ্যপ্রাচ্যের নেই। তাই দুই দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা আবার শুরু করতে কাজ করছে কাতার।
দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি সোমবার এ কথা বলেছেন।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সুযোগ নেই।’
তিনি আরো বলেন, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরো জোরদার করতে চান তারা।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত। দেশটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আঞ্চলিক সদর দপ্তরও রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের তীব্র পর্যায়ে ইরানের একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছিল কাতার। এসব হামলায় দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এতে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জ্বালানি উৎপাদনের সক্ষমতা কমে যায়। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে অব্যাহত অবরোধ কাতারের অর্থনীতির ওপর আরো চাপ তৈরি করছে।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সোমবার বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি মনে করেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি চলতে পারে না। এর সমাধান করতে হবে।’
ইরানের বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
গালিবাফ বলেন, ‘শত্রুরা আমাদের দুর্বল করে দিতে যুদ্ধহীন, শান্তিহীন একটি পরিস্থিতি চাপিয়ে দিতে চায়।’
তিনি আরো বলেন, ‘এখন প্রশ্ন হলো, কীভাবে, কার মাধ্যমে এবং কী পদক্ষেপ নিয়ে আমরা এই পরিস্থিতির সমাধান করব।’
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনায় কতটা আগ্রহী, তা এখনো স্পষ্ট নয়। চলতি মাসের শুরুর দিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছিলেন, যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতির প্রভাব মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিকারের একটি চুক্তি করতে চাই, কোনো ভুয়া চুক্তি নয়।’
এদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সোমবার ঘোষিত এসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে রাখা হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় ইরানের আটজন নাগরিকের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকংভিত্তিক কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ‘দেউলিয়া হয়ে পড়া একটি সরকারের সর্বশেষ আর্থিক জীবনরেখা’ বন্ধ করে দেওয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন