
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯: ০৪
জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ নেতারা ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বার্তা ও নির্দেশনার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির এই তৎপরতায় প্রতিবেশী দেশটির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভূরাজনৈতিক ও আইন বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি এবং ভারতের নিজস্ব ফৌজদারি আইন অনুযায়ীও নিজ ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রে নাশকতা চালানোর সুযোগ দেওয়া দণ্ডনীয় ও বেআইনি।
২০২৪ সালের জুলাই-আগস্টে প্রায় ১,৪০০ ছাত্র-জনতা হত্যার দায়ে গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় এবং ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করা হয়। এছাড়া মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকেও মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আইনিভাবে নিষিদ্ধ ও দণ্ডপ্রাপ্ত এসব নেতার বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতের নিরাপদ আশ্রয়ে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের ভেতরে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার উসকানি দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, কোনো রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে অন্য একটি সার্বভৌম দেশে এভাবে নাশকতামূলক তৎপরতা চালানোর সুযোগ দেওয়া আন্তর্জাতিক রাজনীতিতে ‘হার্বারিং টেররিজম’ বা সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়ার শামিল।
ভূরাজনৈতিক বিশ্লেষক ও ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী আমার দেশকে বলেন, নিজ ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রে নাশকতা বা অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া আন্তর্জাতিক
আইন ও দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আইনি, কূটনৈতিক ও নিরাপত্তাÑএই তিন স্তরে পদক্ষেপ নিতে পারে। আইনি ক্ষেত্রে ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির (যাতে ২০১৬ সালে কিছুটা সহজ করে আদালতে অভিযোগ উত্থাপিত হওয়া নিশ্চিত হলে প্রমাণ ছাড়াও প্রত্যর্পণের সুযোগ রাখা হয়েছিল) ভিত্তিতে আনুষ্ঠানিক ও তথ্যপ্রমাণভিত্তিক অনুরোধ জোরদার করা, পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো এবং ইন্টারপোল ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে রেড নোটিস জারির প্রক্রিয়া এগিয়ে নেওয়া যেতে পারে।
তিনি আরো বলেন, কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে চালানো নাশকতার তথ্য, কলরেকর্ড ও ডিজিটাল তথ্যাদিসহ সুনির্দিষ্ট ডসিয়ার নয়াদিল্লিতে হস্তান্তর, উচ্চপর্যায়ের তলব-প্রতিবাদ, নোট ভার্বাল ও বৈঠকে বিষয়টি তুলতে হবে। তাতে কাজ না হলে জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন সনদের ভিত্তিতে আঞ্চলিক-আন্তর্জাতিক ফোরাম ও মানবাধিকার সংস্থাগুলোর নজরে আনাও সম্ভব।
যুক্তরাষ্ট্রের ওহাইও ইউনিভার্সিটির ভিজিটিং ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতা চালানো কোনো নতুন বিষয় নয়। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান এ ধরনের আন্তঃরাষ্ট্রীয় নাশকতা প্রতিরোধের দায়িত্বে নিয়োজিত, তারা নিজ দায়িত্ব পালনে উপর্যুপরি ব্যর্থ হচ্ছে কেন?
তিনি বলেন, দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে সুনির্দিষ্ট কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট নয়। ভারতের সরকারপন্থি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপতথ্য ও অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের সরকার সে বিষয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে পর্যাপ্ত বস্তুনিষ্ঠ বক্তব্য উপস্থাপনেও নিয়মিতভাবে ব্যর্থ হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবার রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এরই মধ্যে বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে।
একই ধরনের মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। গতকাল সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ভারতের তো একটি হরিবল ফরেন পলিসি আছেই, মিজারেবল ফরেন পলিসি। ভারতের সঙ্গে তার সব প্রতিবেশীর সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তানÑসবার সঙ্গে সম্পর্ক খারাপ।
প্রধানমন্ত্রীর বক্তব্য ও ভারতের প্রতিক্রিয়া
গত ১৯ নভেম্বর লালমনিরহাটে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ বা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করে বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর কয়েকটি ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেÑতারেক রহমান বাংলাদেশে সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন। তবে ২২ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি নাকচ করে জানান, ভারতীয় গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। কারণ, তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে ভারতের কিছু বলার নেই।
এনসিপি ও জামায়াতের কড়া প্রতিক্রিয়া
পলাতক নেতাদের তৎপরতা ও প্রতিবেশী দেশের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কঠোর বক্তব্য এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, ভারতের মাটিতে নিরাপদ আশ্রয়ে থেকে শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার নির্দেশ দিচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ড ব্যবহার করে আরেকটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ দেওয়া আন্তর্জাতিক রীতিনীতি ও সুসম্পর্কের পরিপন্থী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে বলেছেন, পতিত ও নিষিদ্ধ গোষ্ঠী সীমান্তের ওপারে বসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ষড়যন্ত্র করছে এবং চোরাগোপ্তা অগ্নিসংযোগ চালাচ্ছে।
আন্তর্জাতিক আইন ও প্রত্যর্পণ চুক্তি
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর বলেন, আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্র জেনেশুনে তার ভূখণ্ড অন্য রাষ্ট্রের অধিকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে দিতে পারে না। এমন কার্যক্রম সম্পর্কে অবগত হলে তা প্রতিরোধে যুক্তিসংগত ও কার্যকর ব্যবস্থা নেওয়া তার দায়িত্ব।
তার মতে, বাংলাদেশের উচিত যাচাইযোগ্য ও নির্দিষ্ট তথ্যপ্রমাণসহ ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো এবং সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করা। দ্বিপক্ষীয় উদ্যোগে যথাযথ প্রতিকার না মিললে বিষয়টি জাতিসংঘসহ উপযুক্ত আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা যেতে পারে।
ভূরাজনৈতিক ও আইন বিশেষজ্ঞদের তুলে ধরা আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিধানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের অধীন গৃহীত বাধ্যতামূলক প্রস্তাবনা ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, ১৩৭৩ (২০০১)’-এর অনুচ্ছেদ ২(গ) ও ২(ঘ), যা অনুযায়ী কোনো রাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা পরিকল্পনাকারীদের নিরাপদ আশ্রয় দিতে পারবে না এবং নিজ ভূখণ্ড ব্যবহার করে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা পরিচালনা প্রতিরোধে বাধ্য থাকবে।
এছাড়া ‘জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন, ২৬২৫ (১৯৭০)’ ঘোষণাপত্র অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দিতে বা তা সহ্য করতে পারে না; অন্যথায় আশ্রয়দাতা রাষ্ট্রের ওপর ‘রাষ্ট্রীয় দায়বদ্ধতা’ বর্তায়। আঞ্চলিক পর্যায়ে ‘সার্ক সন্ত্রাসবাদ দমন কনভেনশন (১৯৮৭ ও ২০০৪ প্রটোকল)’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানিদাতাদের আশ্রয় না দিতে এবং তাদের বিচার বা প্রত্যর্পণ করতে অঙ্গীকারবদ্ধ।
পাশাপাশি ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি (২০১৩, সংশোধিত ২০১৬)’-এর অনুচ্ছেদ ২(৪) ও ৩ অনুযায়ী ভারতের মাটিতে বসে বাংলাদেশে অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়া বা ষড়যন্ত্র করাও প্রত্যর্পণযোগ্য অপরাধ। অনুচ্ছেদ ৬(২)-এ স্পষ্ট বলা হয়েছে, হত্যা, হত্যার প্ররোচনা বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক অপরাধ’ হিসেবে বিবেচনা করে প্রত্যর্পণ এড়ানো যাবে না।
ভারতের অভ্যন্তরীণ ফৌজদারি আইন অনুযায়ীও এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ (বিএনএস)-এর ৪৭ ধারা (পূর্ববর্তী ইন্ডিয়ান পেনাল কোডের ১০৮ক ধারা) অনুযায়ী, কোনো ব্যক্তি ভারতের ভূখণ্ডে অবস্থান করে ভারতের বাইরে (যেমন বাংলাদেশ) কোনো অপরাধ সংঘটনে উসকানি বা সহায়তা করলে ভারতীয় আদালতেই তিনি ওই অপরাধের প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবেন।
এছাড়া ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭ এবং বিদেশি নাগরিক আইন, ১৯৪৬ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভারতে অবস্থান করে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়Ñএমন নাশকতামূলক বা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারত সরকার তার অবস্থান বাতিল এবং তাকে আটক বা বহিষ্কার করতে বাধ্য।
কূটনৈতিক ও আইন বিশ্লেষকদের মতে, প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী এই পরিস্থিতি অব্যাহত থাকলে এবং দণ্ডিত পলাতকদের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন