
গাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৯: ০৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯: ০৫
নির্ধারিত সময় পেরিয়ে বাড়তি দিনে গড়িয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে দেশগুলোর মতপার্থক্য কাটিয়ে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেননি প্রতিনিধিরা। বিশেষ করে সর্বশেষ খসড়া চুক্তি থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে পর্যায়ক্রমে বন্ধ করার সুস্পষ্ট অঙ্গীকার বাদ পড়ায় নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশিত অর্জন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তুরস্কের আনতালিয়ায় শুক্রবার সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তির কথা থাকলেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আর্থিক ইস্যুতে ঐকমত্য না হওয়ায় গতকাল শনিবারও আলোচনা অব্যাহত থাকে। শুক্রবার রাতে আলোচনার পর শনিবার নতুন খসড়া চুক্তি বা তৃতীয় খসড়া প্রকাশের ঘোষণা দিয়েছেন কপ৩১ সভাপতি তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম এবং আলোচনা প্রক্রিয়ার সভাপতি অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা সংশোধিত খসড়ার বিভিন্ন বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা ও দরকষাকষি চালান।
গতকাল স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নতুন খসড়ার চূড়ান্ত ভাষা এবং গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ বিষয়গুলোতে সমঝোতার বিষয়ে স্পষ্ট অগ্রগতি জানা যায়নি। ফলে সম্মেলনের ফলাফল নিয়ে অপেক্ষা বাড়ছে।
কপ৩১-এর দ্বিতীয় খসড়া চুক্তিতে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ পড়ায়। অথচ গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০-পরবর্তী আলোচনা এবং এর আগের কপ২৮-এ গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় কয়লা, তেল ও গ্যাসনির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের বিষয়টি এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যাশা ছিল।
দ্বিতীয় খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো সুস্পষ্ট উল্লেখ না থাকায় ফ্রান্স, পানামা, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন রাষ্ট্র আপত্তি জানিয়েছে। শুক্রবার ২৩টি দেশের প্রতিনিধিরা খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার পুনর্বহালের দাবি জানান।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার না থাকলে তাদের পক্ষে কোনো চুক্তিতে সম্মতি দেওয়া কঠিন। ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশও পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে।
বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জলবায়ু অর্থায়ন
কপ৩১-এর আলোচনায় বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত, সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু সর্বশেষ খসড়া চুক্তিতে অভিযোজন অর্থায়ন নিয়ে আগের প্রস্তাবিত ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলারের সহায়তার লক্ষ্যমাত্রা বাদ পড়েছে। এতে উন্নয়নশীল ও জলবায়ু বিপন্ন দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ নভেম্বর কপ৩১ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছিলেন, জলবায়ু সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার অর্থায়ন পেতে যাচ্ছে। তবে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জাতীয় পর্যায়ে জলবায়ু অভিযোজনের বৃহৎ চাহিদা পূরণে আন্তর্জাতিক অর্থায়ন আরো বাড়ানো প্রয়োজন।
ন্যায্য জ্বালানি রূপান্তরেও বাংলাদেশের স্বার্থ
জ্বালানি আমদানিনির্ভরতা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা, এলএনজি আমদানির ব্যয় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানির সুযোগ বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
কিন্তু উন্নয়নশীল দেশগুলোর আশঙ্কা, পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা ছাড়া জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার চাপ তাদের অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি দেশের বাস্তবতা, সক্ষমতা ও উন্নয়ন চাহিদা বিবেচনায় নেওয়ার দাবি উঠেছে।
চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা
এদিকে জলবায়ু অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ন্যায্য রূপান্তরের পাশাপাশি প্যারিস চুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে। প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা করছেন তুরস্ক ও অস্ট্রেলিয়ার দুই সভাপতি।
শুক্রবার রাতের অধিবেশনে কিছু কারিগরি বিষয়ে সিদ্ধান্ত হলেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলো অমীমাংসিত থেকে যায়। অধিবেশনে জলবায়ুকর্মীদের প্রতিবাদের ঘটনাও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একপর্যায়ে এক প্রতিবাদকারী ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন তুলে সম্মেলন সভাপতির বক্তব্যে বাধা দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন