● ●


গফরগাঁওয়ের প্রাথমিক শিক্ষা একজন, দুজন শিক্ষার্থী নিয়েই ক্লাসে পাঠদান
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ের প্রাথমিক শিক্ষা একজন, দুজন শিক্ষার্থী নিয়েই ক্লাসে পাঠদান

আব্দুল্লাহ আল আমিন বিপ্লব :
গফরগাঁও উপজেলায় ধুঁকছে প্রাথমিক শিক্ষা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি খুবই নগন্য। কোনো শ্রেণিতে এক-দু’জন, কোনো শ্রেণিতে নেই একজন শিক্ষার্থীও। আবার কোনো বিদ্যালয়ের তিন শ্রেণির শিক্ষার্থীদের একত্রে একটি কক্ষে পাঠদান করা হচ্ছে। স্থানীয় শিক্ষা অফিস ৮০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি দাবি করলেও বাস্তব চিত্র উল্টো। অধিকাংশ বিদ্যালয়ে ৭০ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকে।
সম্প্রতি সপ্তাহ ধরে উপজেলার প্রত্যন্ত এলাকার অর্ধশতাধিক বিদ্যালয়ে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

পাতলাশী নায়েব আলী প্রধান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে তৃতীয় শ্রেণিতে একজন, পঞ্চম শ্রেণিতে দু’জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। তবে চতুর্থ শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। অথচ হাজিরা খাতা অনুযায়ী এই বিদ্যালয়ে ৫৭ শিক্ষার্থী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, চলাচলের রাস্তা খারাপ থাকায় আজ (৮ আগস্ট) শিক্ষার্থীর উপস্থিতি কম।

বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণিতে পাঠদান করছেন প্রধান শিক্ষক কাহার মিয়া। এই শ্রেণিতে ১৫ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত একজন। চতুর্থ শ্রেণির কক্ষে ১৫ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত চারজন। তবে পঞ্চম শ্রেণির ১৫ জনের মধ্যে কেউ উপস্থিত নেই। শিক্ষক কাহার মিয়ার দাবি, অন্যদিন প্রায় সব শিক্ষার্থী থাকে।

মেদনার টেক ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৪ শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ পাঁচটির মধ্যে তিনটি পদই শূন্য। তবে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া গেছে শুধু সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিনকে। তিনি একটি কক্ষে একসঙ্গে তৃতীয় শ্রেণির পাঁচ, চতুর্থ শ্রেণির চার এবং পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে পাঠদান করছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একা তো, তাই বাধ্য হয়ে এভাবে পাঠদান করছি।’

আমাতুর টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের মধ্যে কর্মরত তিনজন। এখানে তৃতীয় শ্রেণিতে ১০ জনের মধ্যে দু’জন, চতুর্থ শ্রেণিতে ১০ জনের মধ্যে তিনজন, পঞ্চম শ্রেণিতে ১০ জনের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া গেছে। প্রধান শিক্ষক বাছিরুজ্জামানের দাবি, শুধু আজকেই (৮ আগস্ট) শিক্ষার্থীদের উপস্থিতি কম।

আংগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ শিক্ষার্থীর মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মোট ১৭ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে পাওয়া গেছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া, রুহামা, লুৎফর রহমানের মতে, প্রতিদিন এই কয়েকজনই স্কুলে আসে।

মৃধা বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণিতে ২৬ জনের মধ্যে পাঁচজন, চতুর্থ শ্রেণিতে ১৯ জনের মধ্যে আট এবং পঞ্চম শ্রেণিতে ১২ জনের মধ্যে পাঁচ শিক্ষার্থী উপস্থিত। সাংবাদিক স্কুলে এসেছে খবর পেয়ে প্রধান শিক্ষক জহিরুল ইসলাম হন্তদন্ত হয়ে ছুটে আসেন। অন্যদের মতো তিনিও বলেন, শুধু আজ (১০ আগস্ট) কম এসেছে।

চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ২৩ শিক্ষার্থীর মধ্যে একজনকেও উপস্থিত পাওয়া যায়নি। চতুর্থ শ্রেণিতে ১৭ জনে দু’জন এবং পঞ্চম শ্রেণিতে ১৮ জনের মধ্যে তিন শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে। প্রধান শিক্ষক নাইরীন শাহনাজ বলেন, গ্রামে বিয়ের অনুষ্ঠান থাকায় শিক্ষার্থী কম এসেছে।
ছোট বারইহাটি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ শিক্ষার্থীর মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মাত্র ১৩ জন পাওয়া গেছে।

টাঙ্গাব দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জনকে তিনটি শ্রেণিকক্ষে পাওয়া গেছে।

টাঙ্গাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ শিক্ষার্থীর মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি মিলিয়ে ২৩ জনকে উপস্থিত দেখা গেছে। একইভাবে পাইথল, নিগুয়ারী, দত্তেরবাজার, টাঙ্গাব, লংগাইর, চরআলগী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় ঘুরে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদুর রহমানের ভাষ্য, প্রায়ই বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছেন তিনি। শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »