● ●


তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় প্রায় ৩১ শতাংশ কম। এদিকে রাজস্ব আদায় কমে যাওয়ায় তিন মাস ধরে রাজস্ব আদায়–সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি এনবিআর।

এনবিআরের হিসাবে, রাজস্ব আদায়ের প্রধান তিনটি খাত—মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও আমদানি-রপ্তানি শুল্ক—কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। সবচেয়ে বেশি ঘাটতি ভ্যাট আদায়ে। উল্লিখিত সময়ে মোট রাজস্ব ঘাটতির অর্ধেকই ভ্যাটের।

.

এদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সভায় চেয়ারম্যান আহসান হাবিব সংস্থাটির কর্মকর্তাদের কর আদায় কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন। সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআর–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ব্যবসা–বাণিজ্যের শ্লথগতির কারণে ভ্যাট ও শুল্ক আদায় কম হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কর্মকর্তা বলেন, ‘তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দেওয়ার নিয়মের কারণে প্রথম দিকে নিয়মিত ভ্যাট পাওয়া যায়নি। তবে এখন মাসে মাসে রিটার্ন দেওয়ার বিধান করায় ভ্যাট আদায় বাড়বে।’

গত জুলাই-সেপ্টেম্বরে ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৩৪৮ কোটি টাকা। ফলে ভ্যাট আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭ কোটি টাকা। শুধু লক্ষ্যমাত্রা নয়, গত অর্থবছরের একই সময়ের চেয়েও ভ্যাট কমেছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে ভ্যাট আদায় হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা।

.

এ ছাড়া আয়কর ও ভ্রমণ কর খাত থেকেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে এনবিআর। এই খাত থেকে তিন মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৭২৬ কোটি টাকা। আদায় হয়েছে ৩৩ হাজার ৪০ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়ায় ৯ হাজার ৬৮৬ কোটি টাকা। আর অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি-রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ২৬৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা। এতে ঘাটতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ১৩৬ কোটি টাকা।

খাতভিত্তিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, রাজস্ব আদায়ের ঘাটতিতে সবচেয়ে বড় ভূমিকা ভ্যাটের। তিন মাসে রাজস্ব আদায়ের মোট ঘাটতির প্রায় ৪৮ শতাংশই ছিল ভ্যাটের। আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি শুল্ক—এ দুই খাতে সম্মিলিত ঘাটতি ছিল প্রায় ২১ হাজার ৮২২ কোটি টাকা।

.

জানতে চাইলে এনবিআরের সাবেক সদস্য মো. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, তিন মাস পরপর রিটার্ন দেওয়ার নিয়ম করার কারণে ভ্যাট আদায় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। কারণ, ব্যবসায়ীরা প্রতি মাসে ভ্যাটের হিসাব করেন; কিন্তু নিয়ম বদলের কারণে অনেক প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দাখিল করেনি। ফলে ভ্যাটও পরিশোধ করেনি। এ ছাড়া ব্যবসা–বাণিজ্যে শ্লথগতির কারণেও ভ্যাট আদায় কমেছে।

এদিকে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় সামান্য বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৯১ হাজার ৩৯০ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ১২৭ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ।

সার্বিক রাজস্ব আদায় কমে যাওয়ার তিন কারণ দেখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, প্রথমত, অর্থনীতির গতি কম। দ্বিতীয়ত, বিশাল লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। তাই আদায় কম দেখাচ্ছে। তৃতীয়ত, এনবিআরে কিছুটা প্রশাসনিক স্থবিরতা রয়েছে, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »