● ●


২১৬ কোটি টাকার প্রকল্পে যথেচ্ছ ব্যয় প্রাক্কলন
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২১৬ কোটি টাকার প্রকল্পে যথেচ্ছ ব্যয় প্রাক্কলন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২: ৫৯

সামাজিক নিরাপত্তার উপকারভোগী শনাক্তে ডিজিটালব্যবস্থা গড়তে ২১৬ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে অর্থ বিভাগ। কিন্তু প্রকল্পের ব্যয় প্রস্তাবেই মিলেছে যথেচ্ছ খরচের ছড়াছড়ি। বিশেষ ভাতা, সেমিনার, গবেষণা, টেলিফোন ও মুদ্রণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দের পাশাপাশি পরামর্শক নিয়োগের ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। একই ধরনের কাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) করায় নতুন প্রকল্পে অর্থের অপচয় ও কাজের পুনরাবৃত্তির আশঙ্কা করছে কমিশন।

‘সোশ্যাল প্রোটেকশন ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন (এসপিডিটিসি)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের প্রস্তাব পর্যালোচনায় এসব অসংগতি উঠে এসেছে। পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটি (এসপিইসি) প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে আপত্তি উত্থাপন করে। সেই সঙ্গে অযাচিত ব্যয় পরিহারের নির্দেশনা দেয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

অর্থ বিভাগের প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির মোট ব্যয় ২১৬ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১১৯ কোটি সাত লাখ ৪৪ হাজার এবং বিশ্বব্যাংকের ঋণ ৯৭ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের মার্চে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বৈদেশিক অর্থায়নের সুবিধার্থে অনুমোদিত নতুন প্রকল্পের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটির মূল লক্ষ্য ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি (ডিএসআর) প্রতিষ্ঠা এবং বিদ্যমান সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম শক্তিশালী করা। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তার প্রকৃত উপকারভোগী শনাক্ত, বিভিন্ন সংস্থার তথ্যভান্ডারের মধ্যে সংযোগ স্থাপন এবং সরকারি সহায়তার অর্থ সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছানোর ব্যবস্থা উন্নত করার কথা বলা হয়েছে। পাশাপাশি জিটুপি পেমেন্টব্যবস্থা আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।

এসপিইসি সভার কার্যবিবরণীতে দেখা যায়, বিশেষ ভাতা খাতের ব্যয়কে অনাবশ্যক উল্লেখ করে পুরো বরাদ্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেমিনার ও কনফারেন্স আয়োজনের প্রয়োজনীয়তা, অংশগ্রহণকারীর সংখ্যা, স্থান এবং বিস্তারিত ব্যয় বিভাজনও চেয়েছে কমিশন। এ খাতে সরকারি অর্থায়ন থেকে ৩৬ লাখ ৩৫ হাজার টাকা রেখে মোট তিন কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকা সংস্থানের সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত প্রস্তাবে এ খাতেই মোট প্রকল্প ব্যয়ের প্রায় ১.৪৭ শতাংশ বরাদ্দ থাকছে।

এছাড়া ডাক খাতে এক লাখ, টেলিফোনে ২৫ লাখ, মুদ্রণ ও বাঁধাইয়ে ৩৫ লাখ, অন্যান্য মনিহারিতে ৭০ লাখ এবং গবেষণায় এক কোটি টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূল প্রস্তাবে এসব খাতে কত টাকা চাওয়া হয়েছিল, তা কার্যবিবরণীতে উল্লেখ নেই। পাশাপাশি ফিজিক্যাল কন্টিনজেন্সি ০.৫ শতাংশ এবং প্রাইস কন্টিনজেন্সি ১ শতাংশ নির্ধারণ করে ব্যয় পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পটির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন কমিটির সদস্যরা। কারণ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বিবিএস একই ধরনের ডিজিটাল নিবন্ধন কার্যক্রম নিয়ে কাজ করছে। জবাবে অর্থ বিভাগের প্রতিনিধি জানান, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী ডিএসআরের সিস্টেম উন্নয়ন, সার্ভার ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যমান তথ্যভান্ডারের সঙ্গে আন্তঃসংযোগ তৈরির দায়িত্ব অর্থ বিভাগের ওপর ন্যস্ত। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারের ‘এসএসপিআইআরআইটি’ কর্মসূচির আওতায় অর্থ বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য পৃথক অর্থায়নের ব্যবস্থা রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ও এ সহায়তার আওতায় পৃথক প্রকল্প নিয়েছে। ফলে একই ধরনের কার্যক্রমে একাধিক সংস্থার বিনিয়োগ ও বাস্তবায়নের মধ্যে সমন্বয় না হলে অর্থের অপচয় এবং কাজের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

পরামর্শক নিয়োগের ক্ষেত্রেও আপত্তি জানিয়েছে মূল্যায়ন কমিটি। এ খাতে কর্মপরিধি, নিয়োগের মেয়াদ এবং একক ব্যয় বা ইউনিট প্রাইস উল্লেখ করে যৌক্তিক হিসাব দিতে বলা হয়েছে। বিশেষ করে প্রকল্প শেষ হওয়ার পর সৃষ্ট অবকাঠামো ও সেবা পরিচালনায় পরামর্শকনির্ভরতা পরিহারের ওপর গুরুত্ব দিয়েছে কমিশন। তবে এ খাতে মোট বরাদ্দের পরিমাণ কার্যবিবরণীতে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, বিদ্যমান সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে সামাজিক নিরাপত্তার ২০টি কর্মসূচিসহ জাতীয় পরিচয়পত্র, টিআইএন, জাতীয় সঞ্চয়পত্র, সরকারি কর্মচারী ও পেনশনভোগী, বিআরটিএ, খাদ্য অধিদপ্তর, টিসিবি এবং বিকাশ, রকেট ও নগদের তথ্যভান্ডার যুক্ত রয়েছে। অর্থ বিভাগের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে এ ব্যবস্থায় তথ্য যাচাই করে তিন কোটি ১৬ লাখ উপকারভোগীকে ২১ হাজার ৬০০ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। ফলে বিদ্যমান ব্যবস্থা থাকার পরও নতুন ডিএসআর প্রতিষ্ঠায় অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কমিশন প্রকল্পের বিনিয়োগের বিপরীতে আর্থিক ও সামাজিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকদের সরাসরি উপকৃত হওয়ার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ, ক্রয় পরিকল্পনা, বাস্তবায়নের সময়সীমা এবং প্রকল্প শেষে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলসহ সুনির্দিষ্ট এক্সিট প্ল্যান চাওয়া হয়েছে।

সব মিলিয়ে ২০টি শর্ত প্রতিপালন করে পুনর্গঠিত টিএপিপি জমা দেওয়ার পর প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে এসপিইসি। প্রকল্প অনুমোদনে ব্যয়ের যৌক্তিকতা, একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি এবং বাস্তবায়ন-পরবর্তী পরিচালনব্যবস্থা নিশ্চিত করেই এগোতে হবে অর্থ বিভাগকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »