
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ১৪
দীর্ঘ ১১ বছর পর পেশাদার প্রতিযোগিতামূলক ফুটবলে পা রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নস্টালজিয়ায় ভাসিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসির হয়ে মাঠে নামার সময় তিনি যে জার্সিটি পরেছিলেন, সেটি এখন আনুষ্ঠানিকভাবে নিলামে তোলা হয়েছে। আর তাতেই রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে; ইতোমধ্যে জার্সিটির দাম ১৭ হাজার ব্রাজিলিয়ান রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৬ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
ক্লাবের খেলোয়াড়দের ব্যবহৃত সামগ্রী বিক্রির জন্য প্রতিষ্ঠিত জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ম্যাচওর্নশার্ট’ এবং রাভেনা এফসি ক্লাবের যৌথ উদ্যোগে এই নিলামের আয়োজন করা হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। স্বাভাবিকভাবেই রোনালদিনহোর পরিহিত জার্সিটি এই নিলামের সবচেয়ে চাহিদাসম্পন্ন ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন পর্যন্ত ব্রাজিলসহ আটটিরও বেশি দেশের ফুটবলপ্রেমী ও সংগ্রাহক এই জার্সির জন্য চড়া দাম হাঁকিয়েছেন।
শুধু ম্যাচ খেলা জার্সিটিই নয়, এই বিশেষ সংগ্রহশালায় আরও রয়েছে রোনালদিনহোর ব্যবহৃত শর্টস, মোজা, বুট, ওয়ার্ম-আপ শার্ট, হেডব্যান্ড এবং ম্যাচের আগে তার পরিহিত জ্যাকেটটি। সঙ্গে একটি অটোগ্রাফযুক্ত মিনি-বল ও রাভেনা এফসির একটি বিশেষ সংস্করণের টি-শার্টও এই নিলামের অর্ন্তভুক্ত করা হয়েছে।
গত রবিবার ৪৬ বছর বয়সী ব্রাজিলীয় জাদুকর রোনালদিনহো রাভেনা এফসির হয়ে মাঠে নেমে চমৎকার ৪৫ মিনিট খেলেছিলেন। সরাসরি গোল না পেলেও দারুণ এক গোলে অ্যাসিস্ট করে নিজের চিরচেনা প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে তার আবারও ক্লাবের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। খোদ ক্লাবের প্রেসিডেন্ট ইগনাজিও সিপ্রিয়ানি ও ভাইস প্রেসিডেন্ট আরিয়েদো ব্রাইডার মন্তব্যে ফুটবলবিশ্বে নতুন করে গুঞ্জন উঠেছে—সবাইকে মোহিত করে আবারও কি তবে নিয়মিত মাঠে ফিরছেন রোনালদিনহো?
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন