
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৯: ১৩
রাওয়ালপিন্ডির উইকেট মানেই রানের উৎসবÑএটাই সবার জানা। কিন্তু মঙ্গলবার সকালে সেই পিন্ডিতেই দেখা গেল উল্টো ছবি। সবুজ ঘাস আর আর্দ্রতায় ভরা উইকেটে পাকিস্তানের চার পেসারের সামনে শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ৯৮ রানে। রাওয়ালপিন্ডিতে এটাই সবচেয়ে কম রানের ইনিংস।
আগের টেস্টে চমৎকার ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। অথচ সিরিজের পরের ম্যাচেই পুরো দল মিলে ১০০ রানও করতে পারল না। টস জিতে ফিল্ডিং নেওয়ার পর এভাবে প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ১০০-এর নিচে গুটিয়ে দেওয়ার ঘটনা পাকিস্তানের ইতিহাসে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার।
দিনের প্রথম উইকেটটি এলো আগের ম্যাচের নায়ক সাকিব খানের হাত ধরে। আউট সুইংয়ে পাসিন্দু সুরিয়াবান্দারা এজ করলেন। এরপর শুরু হলো মোহাম্মদ আব্বাসের দীর্ঘ স্পেল। দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস ফিরলেন তার বলে। কামিন্দুর ক্যাচটি ছিল চোখ ধাঁধানো। শর্ট কভারে ঝাঁপিয়ে সেটি নেন তাইয়্যিব আরিফ। অন্য প্রান্তে রাজাউল্লাহ ফেরান লাহিরু উদারা ও ধনঞ্জয়া ডি সিলভাকে। লাঞ্চে যাওয়ার আগেই ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
কুশল মেন্ডিস ও সোনাল দিনুশার ৪৯ রানের জুটিতে খানিক আশা জেগেছিল। কিন্তু লাঞ্চের ঠিক আগে জামালের বলে এলোমেলো শটে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক কুশল (৩২)।
বিরতির পর বাকি কাজ সারতে লাগল মাত্র ৬.৩ ওভার। দ্বিতীয় বলেই রাজাউল্লাহর ইনসুইংয়ে বোল্ড মিলান রত্নায়েকে। পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে নামা প্রভাথ জয়াসুরিয়াকে ফেরান আব্বাস কট অ্যান্ড বোল্ড করে। আব্বাসের ১৪ ওভারের মধ্যে মেডেন ছয়টি। রান দিয়েছেন মাত্র ১৪, উইকেট তিনটি। অধিনায়ক জামালকে ফিরিয়ে আনতেই প্রথম তিন বলে দুই উইকেট তুলে নেন তিনি। শর্ট বলের ফাঁদে পা দিয়ে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রাজাউল্লাহর হাতে ধরা পড়েন দিনুশা। জামালের শিকারও তিন উইকেট, ব্যয় মাত্র ২৪ রান। রাজাউল্লাহও তিন উইকেট নেন, ২১ রানে।
জবাব দিতে নেমে পাকিস্তানের দুই তরুণ ওপেনার আজান আওয়াইস ও তাইয়্যিব আরিফ ব্যাট করলেন ধৈর্য নিয়ে। ওপেনিং জুটিতে এলো ৮০ রান। তাইয়্যিব আরিফ ৪৬ রান করে ফেরেন। অপর ওপেনার আজান খেলছেন ৪৭ রান নিয়ে। দিন শেষে পাকিস্তান তিন উইকেটে ১২১ রান তোলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন