
বছরের শুরুতে পরীমণি নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন; জানান মা হওয়ার কথাও। তারপর সন্তান রাজ্য আর স্বামী রাজকে নিয়ে ভালোই যাচ্ছিল পরীর সংসার। কিন্তু বছরের শেষ দিনে সংসার ভাঙার ইঙ্গিত দিলেন পরী।
৩১ আগস্ট প্রথম প্রহরে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। পরীমণি তার স্ট্যাটাসে বলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
পরীমণি এ স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সরগরম শোবিজ অঙ্গন। এদিকে, পরীর স্ট্যাটাসের বিষয়ে রাজের বাবা মুসলিম মিয়া বলেন, ‘শুটিং শেষ করে রাজের বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। যা নিয়ে পরী রাগ করে। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। ফলে পরী এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারে।’
রাজের বাবা আরও বলেন, ‘পরী এখন কিছুটা অভিমান করে থাকলেও তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা নেই। রাজ-পরী ও আমরা সবাই একসঙ্গে আছি। আশা করি, ওদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।’
পরীমণির ঘোষণা ও রাজের বাবার মন্তব্যে রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। তাহলে কি বিচ্ছেদ হচ্ছে না পরীমণি ও রাজের। এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। তবে আমি রাজের থেকে আলাদা থাকছি। খুব শিগগিরই বিচ্ছেদের কাগজ পাঠিয়ে দিব। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’
সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে গেছেন পরী
পরীমণি আরও বলেন, ‘রাজের সঙ্গে আমার নানা ধরনের ঝামেলা চলছিল। সংসার ভালো যাচ্ছিল না। আগেও আমি বিষয়টা প্রকাশ করেছি। শেষ পর্যন্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে পরীমণির ঘনিষ্ঠজনরা বলছেন, পরীমণি রাগের মাথায় স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন। তিনি যেহেতু অস্থির প্রকৃতির তাই হয়তো এমন স্ট্যাটাস দিয়েছেন। অভিমান ভেঙে গেলেই সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে।
এর আগে গত ৯ নভেম্বর রাতে পরীমণি তার ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়ে রাজ ও অভিনেত্রী মিমের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। পরে যদিও রাজ-পরীকে একসঙ্গে বেশ ভালোভাবেই দেখা গেছে। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন নিয়েও খুনসুটি করেছেন রাজ-পরী।
২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।