● ●


মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মসজিদে আগুন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৫: ২৩

ইসরাইলের উত্তরাঞ্চলের দাহি গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরের উসকানিকে দায়ী করেছেন বিরোধী দলের একাধিক নেতা। বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশ অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত শুরু করেছে।

রাজনীতিকদের অভিযোগ, গত মাসের নির্বাচনে আরব জনগোষ্ঠীর দলগুলো নজিরবিহীন সাফল্য পাওয়ার পর থেকে নেতানিয়াহু ও তার রাজনৈতিক জোটের নেতারা ইসরাইলের আরব নাগরিকদের নিয়ে বারবার উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

পুলিশ এক বিবৃতিতে জানায়, দাহি গ্রামের একটি মসজিদের নিচতলার একটি কক্ষে সন্দেহভাজন অগ্নিসংযোগ এবং কাছের একটি সড়কে দেয়াললিখনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় প্রতীকের ওপর যেকোনো ধরনের হামলাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, বৃহস্পতিবার নামাজের জন্য মসজিদে পৌঁছে তিনি ধোঁয়া ও আগুন দেখতে পান। মসজিদের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তিনজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে বলে জানান তিনি। তাদের মধ্যে কয়েকজন প্রথমে মসজিদে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা মসজিদের দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে মারেন।

ইমাম এ ঘটনাকে বর্ণবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। তবে এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। হামলার পর মসজিদের আশপাশের কয়েকটি ভবনের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রাখা হয়েছে বলে ছবিতে দেখা গেছে।

নেতানিয়াহুবিরোধী জোটের শীর্ষ নেতা ইয়ার লাপিদ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘মসজিদে আগুন দেওয়া জঘন্য বিদ্বেষমূলক অপরাধ। এটি ইহুদিদের কাজ নয়, ইসরাইলিদের কাজও নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে ছড়ানো উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানান। এ ধরনের বক্তব্যের জন্য নেতানিয়াহুর ডানপন্থি রাজনৈতিক শিবিরকে দায়ী করেন তিনি।

বামঘেঁষা ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু ও তার সরকারের চালানো উসকানিমূলক প্রচারণারই পরিণতি এই হামলা।

আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিনও দাহি গ্রাম পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু, তার পুরো মন্ত্রিসভা এবং তার সঙ্গে থাকা সব উগ্রপন্থিকে আমরা দায়ী করছি। কারণ, তাদের বিপজ্জনক উসকানি এখন আমাদের জনগণের ওপর হামলার মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে।’

ইসরাইলের আরব নাগরিকেরা মূলত ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তারা।

নেতানিয়াহু এর আগে একাধিকবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর নির্বাচনী কার্যক্রমে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »