সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সি-বিচের পাশ থেকে নিখোঁজ পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) লাশ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়।রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।শুক্রবার দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। শরণখোলা রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস ‘আমার দেশ’-কে জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগের সদস্যরা কোস্ট গার্ডের সঙ্গে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আসছিলেন। শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আলোরকোল সি-বিচের পাশ থেকে বন বিভাগের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী ছোট লঞ্চে করে ১৯ জনের একটি দল সুন্দরবনে ভ্রমণে আসে। গত ৫ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র নিয়ে মান্দারবাড়ী নৌপথ দিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করে।বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার বেলা ১২টার দিকে পর্যটকবাহী লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। একপর্যায়ে রিয়াজসহ কয়েকজন সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লি রেলের জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে সাগরের উত্তাল পরিস্থিতির কারণে প্রথম দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। এমই