● ●


সুন্দর কণ্ঠ যথেষ্ট নয়, উপস্থাপনায় চাই জানাশোনা ও নিজস্বতা
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুন্দর কণ্ঠ যথেষ্ট নয়, উপস্থাপনায় চাই জানাশোনা ও নিজস্বতা

ক্যামেরার সামনে একজন মানুষ কথা বলছেন। সামনে হয়তো টেলিপ্রম্পটার, পাশে প্রযোজকের নির্দেশনা, কানে ইয়ারফোন। অথচ পর্দার ওপাশে থাকা দর্শকের কাছে এসবের কিছুই গুরুত্বপূর্ণ নয়। তিনি দেখতে চান, যিনি কথা বলছেন, তিনি কী জানেন, কী বলছেন? তাঁর কণ্ঠে কি আস্থা আছে? তাঁর উপস্থাপনায় কি এমন কিছু আছে, যা দর্শককে পরের মুহূর্ত পর্যন্ত আটকে রাখবে?

উপস্থাপনা কেবল সুন্দর করে কথা বলার নাম নয়। এটি তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার শিল্প। একই সঙ্গে বিশ্বাস তৈরি করারও একটি প্রক্রিয়া।

‘দ্য আর্ট অব কমিউনিকেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অব লিডারশিপ’—যোগাযোগের শিল্পই নেতৃত্বের ভাষা। উপস্থাপনার ক্ষেত্রেও কথাটি বেশ প্রাসঙ্গিক। একজন উপস্থাপক শুধু একটি লেখা পড়েন না, তিনি একটি সংবাদ, একটি অনুষ্ঠান, একজন অতিথি কিংবা একটি গল্পকে দর্শকের কাছে জীবন্ত করে তোলেন।

প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) যৌথ উদ্যোগে অনষ্ঠিত অনলাইন কর্মশালা ‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’-এর চতুর্থ সেশনে উঠে এসেছে উপস্থাপনার এমন নানা দিক। গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই সেশনে ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা’ বিষয়ে অভিজ্ঞতা ও পরামর্শ দেন ক্রীড়া উপস্থাপক ফাহিম রহমান, যমুনা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মৌসুমী আহমেদ লোপা এবং উপস্থাপক ও অভিনয়শিল্পী মৌসুমী মৌ। তাঁদের আলোচনায় বারবার ফিরে এসেছে কয়েকটি বিষয়—প্রস্তুতি, অনুশীলন, জানার আগ্রহ, স্বতন্ত্র উপস্থাপনভঙ্গি এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি।

খবর পৌঁছে দেওয়ার শিল্পএকটি সংবাদ তৈরি হয় অনেক মানুষের শ্রমে। মাঠে থাকা প্রতিবেদক তথ্য সংগ্রহ করেন, নিউজরুমে তা যাচাই ও সম্পাদনা হয়, এরপর সেটি পৌঁছায় উপস্থাপকের হাতে। এই পুরো প্রক্রিয়াকে একটি রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করেন ফাহিম রহমান।

রান্নাঘরে খাবার প্রস্তুত হয়। কিন্তু খাবারটি টেবিলে কীভাবে পরিবেশন করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। খাবারের স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশনের ধরনও তৈরি করে প্রথম অনুভূতি। উপস্থাপকের কাজও অনেকটা এমন। সংবাদ তৈরি করা তাঁর কাজ নয়; বরং প্রস্তুত সংবাদকে দর্শকের সামনে এমনভাবে তুলে ধরা, যাতে দর্শক বিষয়টির প্রতি আগ্রহী হন এবং তথ্যটির সঙ্গে যুক্ত হতে পারেন।

এই জায়গায় প্রথম কয়েক মুহূর্তই গুরুত্বপূর্ণ। দর্শকের সঙ্গে প্রথম যোগাযোগে তৈরি হয় একটি ‘ফার্স্ট ইমপ্রেশন’। উপস্থাপকের কণ্ঠ, শব্দচয়ন, চোখের দৃষ্টি, গতি ও স্বাভাবিকতা—সবকিছু মিলে সেই প্রথম ধারণা তৈরি করে।তবে সুন্দর পরিবেশন করলেই হবে না। যে বিষয়টি পরিবেশন করা হচ্ছে, সেটি সম্পর্কে উপস্থাপকের নিজেরও পরিষ্কার ধারণা থাকতে হবে।

ফাহিম রহমানের বক্তব্যে বিষয়টি স্পষ্ট: যে বিষয়ে তিনি জানেন না, তার সংবাদ শুধু পড়ে গেলেই তা অর্থবহ উপস্থাপনা হয়ে যায় না। সংবাদটি কী নিয়ে, তার প্রেক্ষাপট কী, এর গুরুত্ব কোথায়—এসব না জানলে উপস্থাপনা কৃত্রিম হয়ে পড়ে। একই কথা ব্যবসায়িক উপস্থাপনা, সাক্ষাৎকার কিংবা যেকোনো ধরনের প্রেজেন্টেশনের ক্ষেত্রেই প্রযোজ্য।

অর্থাৎ, টেলিপ্রম্পটারে লেখা থাকলেই একজন উপস্থাপক প্রস্তুত, এমন নয়। তাঁকে প্রতিনিয়ত খবরের সঙ্গে থাকতে হবে, চারপাশের ঘটনা জানতে হবে, আপডেটেড থাকতে হবে।

ভালো প্রশ্নের চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নের ভঙ্গিএকজন উপস্থাপকের দক্ষতার সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হলো সাক্ষাৎকার। বিশেষ করে সামনে যদি থাকেন বিখ্যাত কোনো ব্যক্তি, শুরুতে নার্ভাস লাগতেই পারে।

প্রথম সাক্ষাৎকারে মাথায় ঘুরতে পারে—কী প্রশ্ন করবেন, কীভাবে শুরু করবেন, পরের প্রশ্ন কী হবে? কিন্তু প্রস্তুতি সেই অস্বস্তিকে অনেকটাই কমিয়ে দেয়। একটি সাক্ষাৎকারে শুধু প্রশ্ন তৈরি করলেই হয় না; প্রশ্নটি কীভাবে করা হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। একই প্রশ্ন দর্শকের দৃষ্টিকোণ থেকে করা হলে তার প্রভাব বদলে যায়।

এখানেই উপস্থাপকের আসল দক্ষতা, নিজের প্রশ্নের মধ্যে দর্শককে নিয়ে আসা। দর্শক যেন মনে করেন, তাঁর নিজের প্রশ্নটাই যেন উপস্থাপক অতিথিকে করছেন। এ দক্ষতা তৈরিতে প্রয়োজন নিয়মিত চর্চা।

প্রথম স্টুডিও হোক আয়নাচর্চার জন্য অত্যাধুনিক স্টুডিও বা ক্যামেরা সব সময় প্রয়োজন নেই। একজন নবীন উপস্থাপকের প্রথম স্টুডিও হতে পারে তাঁর নিজের ঘর, আর প্রথম দর্শক আয়নায় দেখা নিজের মুখ।আয়নার সামনে দাঁড়িয়ে সংবাদ পড়া, কোনো বিষয় নিয়ে কথা বলা, প্রশ্ন করা দীর্ঘদিন ধরেই উপস্থাপকদের অনুশীলনের পরিচিত পদ্ধতি। ফাহিম রহমান নিজেও প্রশিক্ষণের সময় আয়নার সামনে সংবাদ পড়ে অনুশীলন করেছেন।

আয়নার সামনে চর্চার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের ভুল নিজেই দেখা যায়। চোখ কোথায় যাচ্ছে, মুখের অভিব্যক্তি কেমন, কোথায় থেমে যাচ্ছে, কথা বলার গতি বেশি কি না—এসব ধরা পড়ে।জড়তা, ভয়, চাহনির সমস্যা কিংবা অতিথির দিকে তাকিয়ে অস্বস্তি—এসবও মূলত নিয়মিত অনুশীলনের মাধ্যমে কমে আসে।তাই উপস্থাপনায় আত্মবিশ্বাস অনেক সময় প্রতিভার চেয়ে বেশি আসে অনুশীলন থেকে।

ভুল হলে থেমে যাবেন নালাইভ সংবাদে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে স্ক্রিপ্টে টাইপিং ভুল থাকলে উপস্থাপকও বিভ্রান্ত হতে পারেন। কিন্তু একটি ভুলই যেন পুরো উপস্থাপনাকে নষ্ট না করে, সেটি সামলে নেওয়াই হলো দক্ষতা।

মৌসুমী আহমেদ লোপার মতে, সংবাদ সম্পর্কে উপস্থাপকের ন্যূনতম ধারণা থাকলে স্ক্রিপ্টে ভুল থাকলেও তা অনেক সময় ধরতে পারবেন। ভুল পড়ে ফেললেও আতঙ্কিত হওয়া যাবে না। কারণ, উপস্থাপক রোবট নন, মানুষ।কোনো শব্দ ভুল পড়ে ফেললে প্রয়োজনে সংক্ষিপ্তভাবে সংশোধন করে আবার বলা যায়। সামান্য হাসি দিয়ে স্বাভাবিকভাবে পরের লাইনে চলে যাওয়াও সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভুলের কারণে যেন মুখভঙ্গি, কণ্ঠ কিংবা আচরণে অতিরিক্ত অস্বস্তি প্রকাশ না পায়।

দর্শক ভুলের চেয়ে বেশি মনে রাখেন উপস্থাপক ভুলটি কীভাবে সামলেছেন। এই জায়গাতেই আসে আত্মবিশ্বাসের সঙ্গে জ্ঞান থাকার সম্পর্ক। একজন উপস্থাপক বিষয়টি জানলে স্ক্রিপ্টের বাইরে গিয়েও পরিস্থিতি সামলাতে পারেন।

স্ক্রিপ্টের বাইরেও তৈরি হোক দর্শকের সঙ্গে যোগাযোগসংবাদ উপস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো, টেলিপ্রম্পটার দেখে পড়লেও যেন দর্শকের মনে না হয়, উপস্থাপক কেবল একটি লেখা পড়ে যাচ্ছেন।মৌসুমী আহমেদ লোপার পরামর্শ হলো—দর্শকের সঙ্গে এমনভাবে কথা বলতে হবে, যেন বসার ঘরে পরিচিত কারও সঙ্গে কথা বলা হচ্ছে। টেলিপ্রম্পটার থাকবে, কিন্তু তার উপস্থিতি যেন দর্শকের কাছে অনুভূত না হয়।

এখানে উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শব্দ স্পষ্ট হতে হবে, শ্রুতিগ্রাহ্য হতে হবে। দর্শককে কোনো শব্দ বোঝার জন্য অতিরিক্ত মনোযোগ দিতে হলে উপস্থাপনার স্বাভাবিকতা নষ্ট হয়।কারণ, একটি সংবাদ বুলেটিনের পেছনে থাকে অনেক মানুষের শ্রম। মাঠে রোদ-বৃষ্টি উপেক্ষা করে একজন প্রতিবেদক তথ্য সংগ্রহ করেন। নিউজরুমে সম্পাদক ও প্রযোজকেরা কাজ করেন। পুরো দলের কাজ শেষ পর্যন্ত দর্শকের সামনে তুলে ধরেন উপস্থাপক। কাজেই উপস্থাপকের দায়িত্ব বিশাল।

আজকের দিনে দর্শকের হাতে অসংখ্য চ্যানেল। একটি চ্যানেল থেকে আরেকটি চ্যানেলে যেতে তাঁর মাত্র কয়েক সেকেন্ড লাগে। একঘেয়ে, যান্ত্রিক পাঠ দর্শককে ধরে রাখতে পারে না।

পোশাক নয়, গুরুত্ব দক্ষতায়উপস্থাপনা নিয়ে আগ্রহী অনেক তরুণীর মনে একটি প্রশ্ন থাকে—হিজাব পরে কি সংবাদ উপস্থাপনা করা যায়?মৌসুমী আহমেদ লোপার মতে, বিষয়টি মূলত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতির ওপর নির্ভরশীল। বর্তমানে কয়েকটি টেলিভিশন চ্যানেলে হিজাব পরেও নারীরা সংবাদ উপস্থাপনা করছেন। অর্থাৎ, যেখানে প্রতিষ্ঠান অনুমতি দেয়, সেখানে হিজাব উপস্থাপনার পথে বাধা নয়। মূল বিষয় হলো দক্ষতা।

একজন উপস্থাপকের পরিচয় তৈরি হয় তাঁর জ্ঞান, কণ্ঠ, উপস্থাপনভঙ্গি, পেশাদারত্ব ও দর্শকের সঙ্গে যোগাযোগের ক্ষমতায়, নির্দিষ্ট কোনো পোশাকে নয়।

উপস্থাপকের আসল প্রস্তুতি প্রতিদিনের জীবনেমৌসুমী মৌ উপস্থাপনাকে দেখেন দীর্ঘমেয়াদি শেখার একটি প্রক্রিয়া হিসেবে। তাঁর মতে, এই পেশায় দ্রুত সাফল্যের চেয়ে ধৈর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।বাংলাদেশে কী ঘটছে, বিশ্বে কী ঘটছে, কোন ব্যক্তি কী করছেন—এসব জানার অভ্যাস তৈরি করতে হবে। বিশেষ করে যাঁরা নিয়মিত সাক্ষাৎকার নেন, তাঁদের জন্য প্রস্তুতি শুধু সাক্ষাৎকারের আগের এক ঘণ্টার কাজ নয়।

মৌসুমী মৌ নিজের প্রস্তুতির জন্য অতিথিদের নিয়ে আলাদা করে নোট রাখেন। তাঁর কাছে এমন ২০–২৫টি ডায়েরি রয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন পরিচিত ব্যক্তির জীবনের গল্প, আগের সাক্ষাৎকার এবং নতুন তথ্য নোট করে রাখেন। নতুন কিছু জানলে সেটিও যুক্ত করেন। এই অভ্যাস তাঁর কাছে কেবল কাজের অংশ নয়, আনন্দেরও।

কারও প্রস্তুতির মাধ্যম ডায়েরি, কারও ফোনের নোটবুক। মাধ্যম আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য এক—জানার পরিধি বাড়ানো।এভাবেই প্রতিদিনের কাজ একসময় একজন উপস্থাপকের প্রস্তুতির ভিত্তি হয়ে ওঠে।

ব্যক্তি ও উপস্থাপক যখন দুই সত্তামৌসুমী মৌয়ের একটি পর্যবেক্ষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ—ব্যক্তি ‘আমি’ এবং উপস্থাপক ‘আমি’ সব সময় এক নয়।মঞ্চে, ক্যামেরার সামনে কিংবা হোস্টের চেয়ারে একজন উপস্থাপক মূলত একজন পারফর্মার। তাঁকে পরিস্থিতি অনুযায়ী নিজের কণ্ঠ, গতি, অভিব্যক্তি বদলাতে হয়।

একজন রাজনৈতিক নেতার সাক্ষাৎকারের ভাষা ও টোন যেমন হবে, একজন রকস্টারের সঙ্গে কথোপকথনে তা একই থাকবে না। অতএব, ভালো উপস্থাপক শুধু সুন্দর কণ্ঠের অধিকারী নন; তিনি পরিস্থিতি বুঝতে পারেন।কখন ধীরে বলতে হবে, কখন গতি বাড়াতে হবে, কোথায় কণ্ঠ নিচু করতে হবে, কখন প্রাণবন্ত হতে হবে এই বোধ তৈরি হয় নিয়মিত কাজ ও অনুশীলন থেকে।

নিজের কণ্ঠ খুঁজে পাওয়াউপস্থাপনায় অনুকরণ দিয়ে শুরু করা যায়, কিন্তু শেষ পর্যন্ত নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতেই হয়। অন্যের মতো কথা বলা, অন্যের ভঙ্গি নকল করা কিংবা জনপ্রিয় কোনো উপস্থাপকের স্টাইল অনুসরণ করা হয়তো শুরুতে সহায়ক হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে দর্শক মনে রাখবেন সেই মানুষটিকেই, যাঁর নিজস্ব একটি কণ্ঠ আছে।

এই ‘নিজস্ব সত্তা’ তৈরি করতে হলে জানতে হবে অনেক, পড়তে হবে অনেক এবং সবচেয়ে বেশি প্রয়োজন জানার আগ্রহ। মৌসুমী মৌয়ের মতে, জ্ঞানের কোনো শেষ নেই। উপস্থাপকের জন্য তাই সংবাদপত্র, বই, অনুষ্ঠান, সাক্ষাৎকার—সবকিছুই শেখার উপকরণ। আর কাজের প্রতি ভালোবাসা ছাড়া এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া কঠিন। কারণ, কাজ করতে গিয়ে কখনো একঘেয়েমি আসবে, কখনো প্রস্তুতির সময় পাওয়া যাবে না, কখনো লাইভে ভুল হবে, কখনো কণ্ঠ আটকে যাবে। তবু যে মানুষটি নিজের কাজকে ভালোবাসেন, তিনি আবার মাইক্রোফোন হাতে নেবেন।

তিনটি কাজ—টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইনএকজন উপস্থাপকের কাজকে তিনটি শব্দে সংক্ষেপ করেন মৌসুমী মৌ—টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন। অর্থাৎ, দর্শককে তথ্য দিতে হবে, কিছু শেখাতে হবে এবং একই সঙ্গে তাঁর আগ্রহ ধরে রাখতে হবে। এই তিনটি একসঙ্গে করতে পারলেই উপস্থাপনা কেবল ‘কথা বলা’ থাকে না; হয়ে ওঠে যোগাযোগ। আর সফল যোগাযোগের শেষ পরীক্ষা ক্যামেরার সামনে নয়, দর্শকের মনে। দর্শক কি শুনলেন? বুঝলেন? মনে রাখলেন? আবার সেই উপস্থাপককে দেখতে চাইলেন?উত্তর যদি হ্যাঁ হয়, তবে উপস্থাপনার কাজ সফল।

শেষ পর্যন্ত একজন উপস্থাপক সংবাদ বা অনুষ্ঠানকে শুধু দর্শকের কাছে পৌঁছে দেন না; তিনি দর্শক ও কনটেন্টের মাঝখানে একটি সেতু তৈরি করেন। সেই সেতু যত স্বাভাবিক, বিশ্বাসযোগ্য ও প্রাণবন্ত হয়, যোগাযোগও তত শক্তিশালী হয়।তাই উপস্থাপনার প্রথম পাঠ হয়তো কণ্ঠস্বর ঠিক করা নয়। প্রথম পাঠ জানা। দ্বিতীয় পাঠ চর্চা। আর তৃতীয় পাঠ নিজের মতো করে বলা।কারণ, ক্যামেরার সামনে সুন্দর কণ্ঠ অনেকেই দিতে পারেন; কিন্তু বিশ্বাসযোগ্য কণ্ঠ তৈরি করতে পারেন তাঁরাই, যাঁরা জানেন, বোঝেন এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে প্রস্তুত করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »