বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অবশেষে মুম্বাইয়ের বুকে সন্ধান পেলেন নিজের স্বপ্নের বাসার। আর নতুন এই ঠিকানা পেয়ে বেজায় খুশি এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে নতুন এই বাসা ঘিরে তিনি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মাধুরীর নতুন ফ্ল্যাটটি ৫ হাজার ৫০০ স্কয়ার ফুট এলাকাজুড়ে। মুম্বাইয়ের একটি অভিজাত এলাকার একটি আবাসিক ভবনের ২৯ তলায় মাধুরীর নতুন ঠিকানা। তাঁর এই বাসা থেকে দেখা যাবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হওয়ার অপূর্ব দৃশ্য। এমনকি রাতের ঝলমলে মুম্বাইয়ের অসাধারণ দৃশ্য ধরা পড়বে তাঁর এই ফ্ল্যাট থেকে। আরব সাগরের তীরে মাধুরীর এই স্বপ্নের বাসা। তাই এখান থেকে দেখা যাবে সমুদ্রের নানা রং, রূপ আর মেজাজ।