● ●


আলাস্কার গভর্নর পদে ৩৭ বছর বয়সী জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলাস্কার গভর্নর পদে ৩৭ বছর বয়সী জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১: ৪৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১: ৫৩

প্রায় তিন দশক পর যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। দলটির প্রার্থী ও সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা জোনাথন ক্রেইস-টমকিনস তিন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে গভর্নর নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থীদের একজন ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট ব্যবসায়ী বার্নাডেট উইলসন।

৩৭ বছর বয়সী ক্রেইস-টমকিনসের এই জয়ের মধ্য দিয়ে আলাস্কায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো গভর্নর নির্বাচিত করল ডেমোক্র্যাটরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টিতে এখন ডেমোক্র্যাট গভর্নর দায়িত্ব পালন করবেন।

গত ৩ নভেম্বর আলাস্কায় গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্রেইস-টমকিনসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন রিপাবলিকান—বার্নাডেট উইলসন, সাবেক অ্যাঙ্কোরেজ মেয়র ডেভ ব্রনসন এবং সাবেক অঙ্গরাজ্য অ্যাটর্নি জেনারেল ট্রেগ টেলর।

প্রাথমিক ফলাফলে ক্রেইস-টমকিনস ৫০ শতাংশের বেশি প্রথম পছন্দের ভোট পান। অন্যদিকে উইলসন পান প্রায় ২৯ শতাংশ, ব্রনসন ১৪ শতাংশের কাছাকাছি এবং টেলর প্রায় ৭ শতাংশ ভোট। ফলে আলাস্কার প্রচলিত র‍্যাঙ্কড-চয়েস ভোটপদ্ধতিতে পরবর্তী ধাপের ভোট গণনার প্রয়োজন হয়নি। এ পদ্ধতিতে ভোটাররা প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে তালিকাভুক্ত করেন। কোনো প্রার্থী প্রথম পছন্দের ভোটেই ৫০ শতাংশের বেশি পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনের ফল প্রকাশের পর রিপাবলিকান প্রার্থীরাও পরাজয় মেনে নেন। উইলসন স্বীকার করেন, ভোটের গতিপ্রকৃতি বিবেচনায় ক্রেইস-টমকিনসের জয় অপ্রত্যাশিত ছিল না।

ট্রাম্পের সমর্থনও কাজে আসেনি

রিপাবলিকান প্রার্থী বার্নাডেট উইলসনকে সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারে তিনি অন্য রিপাবলিকান প্রার্থীদের উইলসনের পক্ষে সরে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছিলেন। তবে ব্রনসন ও টেলর প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ায় রিপাবলিকান ভোট তিন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যায়।

অন্যদিকে ডেমোক্র্যাট শিবিরে প্রার্থী বাছাইয়ের পর ঐক্য তৈরি হয়। আগস্টের প্রাথমিক নির্বাচনে ক্রেইস-টমকিনসের পাশাপাশি ডেমোক্র্যাট টম বেগিচও এগিয়ে ছিলেন। পরে বেগিচ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে ক্রেইস-টমকিনসের প্রতি সমর্থন জানান। এতে নভেম্বরে গভর্নর পদে ডেমোক্র্যাটদের একক প্রার্থী হিসেবে লড়ার সুযোগ তৈরি হয়।

দলীয় পরিচয়ের বাইরে সমর্থন

প্রচারে ক্রেইস-টমকিনস নিজেকে দুই দলের মধ্যে সমঝোতা ও সহযোগিতার পক্ষে থাকা একজন প্রার্থী হিসেবে তুলে ধরেন। তার প্রচারের অন্যতম বক্তব্য ছিল, অঙ্গরাজ্যের সমস্যাগুলো সমাধানে দলীয় বিভাজনের পরিবর্তে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

এ কারণে তিনি শুধু ডেমোক্র্যাটদের নয়, রিপাবলিকান ও স্বতন্ত্র ভোটারদেরও সমর্থন পেয়েছেন। রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি এবং সাবেক তিন গভর্নরও তাকে সমর্থন দিয়েছিলেন। তার প্রচারশিবিরের দাবি, নির্বাচনী প্রচারে তিনি আলাস্কার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ৪০ হাজার মাইলের বেশি ভ্রমণ করেছেন। প্রচারে ব্যক্তিগতভাবে ১০ হাজারের বেশি মানুষ অনুদান দিয়েছেন বলেও জানান তিনি।

শিক্ষা, জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি নিয়ে অগ্রাধিকার

নির্বাচনী প্রচারে ক্রেইস-টমকিনসের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির মধ্যে ছিল সরকারি বিদ্যালয়ে পূর্ণ অর্থায়ন, জীবনযাত্রার ব্যয় কমানো এবং জ্বালানি খরচ নিয়ন্ত্রণ। পাশাপাশি মেডিকেইড কর্মসূচি সুরক্ষার কথাও বলেছেন তিনি। নতুন ডেটা সেন্টার স্থাপনের ক্ষেত্রেও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত বিরতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

আলাস্কার অর্থনীতি তেল ও গ্যাস খাতের আয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল। তেলের বাজারের ওঠানামার কারণে রাজ্যের বাজেটেও বড় ধরনের পরিবর্তন আসে। সম্ভাব্য বাড়তি রাজস্বের একটি অংশ ভবিষ্যৎ সংকট মোকাবিলার তহবিলে রাখার এবং রাজ্যের স্থায়ী তহবিল থেকে অর্থ উত্তোলনে আরো কঠোর সীমা আরোপের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নবনির্বাচিত গভর্নর। তার মতে, সরকারি শিক্ষাব্যবস্থায় অর্থায়নের ক্ষেত্রে রাজ্যের নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন।

আলাস্কার রাজনীতিতে নতুন অধ্যায়

আলাস্কার সর্বশেষ ডেমোক্র্যাট গভর্নর ছিলেন টনি নোলস। তিনি ১৯৯৪ সালে দায়িত্ব নেন এবং ১৯৯৮ সালে পুনর্নির্বাচিত হন। ২০০২ সালে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে রাজ্যটির গভর্নর পদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমান গভর্নর মাইক ডানলিভি মেয়াদসীমার কারণে এবার পুনর্নির্বাচনে অংশ নিতে পারেননি।

ক্রেইস-টমকিনস দায়িত্ব নিলে তিনি হবেন আলাস্কার ইতিহাসে সবচেয়ে কম বয়সী গভর্নর। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী জ্যাক জনসন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন। আগামী ৭ ডিসেম্বর তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।

নির্বাচনের ফল নিয়ে ক্রেইস-টমকিনস বলেছেন, আলাস্কার মানুষ পরিবর্তন এবং দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সমস্যা সমাধানের রাজনীতি চেয়েছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেছেন।

জাতীয় পর্যায়েও এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য দেখা গেছে। আলাস্কায় গভর্নর পদ পুনরুদ্ধারের মধ্য দিয়ে দলটি এখন ৩০টি অঙ্গরাজ্যের গভর্নর পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফলে অঙ্গরাজ্যগুলোর প্রশাসনিক নেতৃত্বে দল দুটির মধ্যে ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন এসেছে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আলাস্কা পাবলিক মিডিয়া, দ্য ওয়াশিংটন পোস্ট, সিবিএস নিউজ ও আলাস্কা বিকন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »