● ●


বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়ের পর দেশটির পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের দাবি জোরালো হয়েছে। তবে এ উদ্যোগের অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ডেমোক্র্যাটদের মধ্যে নতুন রাজনৈতিক বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর এ বিরোধ আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়। এতে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান, শেষকৃত্য, কর্মস্থল ও খেলাধুলার আয়োজনে অংশ নিতে যাওয়া ১০ লাখের বেশি মানুষের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়। সোমবারের মধ্যে বিমান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এলেও বিপর্যয়ের কারণ ও দায় নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে।

এ পরিস্থিতিতে আগামী থ্যাংকসগিভিং উৎসবের সময় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা কত দ্রুত আধুনিক করা সম্ভব, এতে কত অর্থ লাগবে এবং একই ধরনের বিপর্যয় আবার ঘটতে পারে কি না—এসব প্রশ্ন সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি রোববার বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে কংগ্রেসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, আকাশপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ডাফি বলেন, কয়েক দশক ধরে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় প্রয়োজনীয় বিনিয়োগ করা হয়নি। তার ভাষায়, ওয়াশিংটনে এ বিষয়টি অনেক আগে থেকেই সবার জানা। এখন প্রশ্ন হলো, প্রয়োজনীয় বিনিয়োগ কখন করা হবে।

আধুনিকায়নের কাজেই বিপর্যয়?

সাম্প্রতিক বিপর্যয়ের একটি উল্লেখযোগ্য দিক হলো, পুরোনো ব্যবস্থা আধুনিক করার কাজ চলার সময়ই সমস্যাটি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডাফির ব্যাখ্যা অনুযায়ী, বহু পুরোনো তামার তার পরিবর্তনের কাজের সময় বিপুল পরিমাণ তথ্য নেটওয়ার্কে প্রবেশ করে। এতে পুরো ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনা দেখিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এবং অতিরিক্ত বিমান চলাচলের চাপে থাকা প্রযুক্তি সচল রেখেই সেটি আধুনিক করা কতটা জটিল। বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবারের বিপর্যয়ের পর ট্রাম্প প্রশাসন প্রথমে বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। পরিবহনমন্ত্রী ডাফি ও স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিনের সংবাদ সম্মেলনেও প্রয়োজনীয় প্রশ্নের অনেক উত্তর মেলেনি। পরে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ বিপর্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। একই সঙ্গে খণ্ড খণ্ড অর্থায়নের পরিবর্তে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিক করার দাবি জানান তিনি।

অর্থায়ন নিয়ে ডেমোক্র্যাটদের আপত্তি

বিমান চলাচল ব্যবস্থা সংস্কারে নতুন করে বিপুল অর্থ বরাদ্দের দাবি তুলেছে ট্রাম্প প্রশাসন। তবে এ অর্থ কীভাবে ব্যয় করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা না থাকায় ডেমোক্র্যাটদের মধ্যে প্রশ্ন উঠেছে। শুক্রবার ডাফি নতুন অর্থায়নের দাবি ৩০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করেন। কিন্তু এ অর্থের প্রয়োজনীয়তা কিংবা ব্যয়ের খাত সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেন, ট্রাম্প প্রশাসনকে আগেই ১২ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে, যার মাত্র এক-তৃতীয়াংশ ব্যয় হয়েছে। ফলে এখন নতুন করে আরো অর্থ চাওয়ার আগে প্রশাসনকে আগের বরাদ্দের হিসাব দিতে হবে।

তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে তার সমর্থন রয়েছে জানিয়ে ভ্যান হলেন বলেন, সমস্যা সমাধানে যত অর্থ প্রয়োজন, তিনি তা দিতে রাজি। কিন্তু অতিরিক্ত অর্থ চাইলে প্রশাসনকে তার যৌক্তিকতা তুলে ধরতে হবে।

অন্যদিকে, ডেমোক্র্যাট প্রতিনিধি জিম হাইমস এ বিপর্যয়ের জন্য ট্রাম্প প্রশাসনের জনবল সংকোচনকেও দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজিইর উদ্যোগে গত বছর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রায় ১ হাজার ৩০০ কর্মী অবসর নিতে বা চাকরি ছাড়তে বাধ্য হন। এ ছাড়া পরীক্ষামূলক পর্যায়ে থাকা আরও ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়। এর ফলে গুরুত্বপূর্ণ এ সংস্থার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

আধুনিকায়নে দীর্ঘদিনের অবহেলা

এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার দুর্বলতা নতুন নয়। একাধিক মার্কিন প্রশাসনের সময়ই এ খাতে বিনিয়োগের ঘাটতি ও আধুনিকায়নে বিলম্বের বিষয়টি উঠে এসেছে। তবে বর্তমান প্রশাসন পরিস্থিতি সামাল দিতে কতটা সক্ষম, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

মার্কিন সরকারের নির্দলীয় সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এফএএ পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিক করার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও ব্যয় ও বিমান চলাচলে বিঘ্নের বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না। সংস্থাটির অভিযোগ, এ প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ ব্যয়-প্রাক্কলন ও বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি নেই। এর ফলে ভবিষ্যতে বিমান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে এবং পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরতা দীর্ঘায়িত হতে পারে।

পরিবহনমন্ত্রী ডাফি বলেছেন, বর্তমানে ব্যবহৃত কিছু ব্যবস্থা ১৯৯০-এর দশকের, আর কিছু রাডার প্রযুক্তি ১৯৬০ ও ১৯৭০-এর দশকের। তাই এ খাতে দ্রুত বিনিয়োগ জরুরি। তবে এ সমস্যার জন্য শুধু বাইডেন প্রশাসনকে দায়ী করার সুযোগ নেই। অতীতেও রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের প্রশাসনের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে অর্থায়ন নিয়ে মতবিরোধ হয়েছে।

২০১১ সালে তৎকালীন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ভ্যান হলেন অভিযোগ করেছিলেন, রিপাবলিকান নেতারা এভিয়েশন অবকাঠামো উন্নয়নের বরাদ্দ কমিয়ে ২০০৮ সালের পর্যায়ে নামিয়ে এনেছেন। ২০১৫ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার বাজেট পরিচালক শন ডোনোভানও এফএএর জন্য প্রস্তাবিত ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের বাজেট থেকে ২৫৫ মিলিয়ন ডলার কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তাঁর আশঙ্কা ছিল, এতে বিমান চলাচলে বিলম্ব বাড়বে এবং ভবিষ্যতে অবকাঠামো প্রতিস্থাপনের ব্যয়ও বৃদ্ধি পাবে।

২০২৫ সালেও ট্রাম্প প্রশাসনের এফএএর জন্য ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অর্থায়ন প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডেমোক্র্যাটরা। তাদের বক্তব্য ছিল, বিপুল অর্থ ব্যয়ের আগে নীতিমালা, বাস্তবায়ন পরিকল্পনা, সময়সীমা ও প্রয়োজনীয় অর্থের পরিমাণ স্পষ্ট করা জরুরি।

আগামী বছর বড় রাজনৈতিক পরীক্ষার মুখে ট্রাম্প

গত সপ্তাহের বিমান চলাচল বিপর্যয় আগামী বছর ট্রাম্প প্রশাসন ও ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মধ্যে বড় বিরোধের সূচনা করতে পারে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থানও আগের তুলনায় দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে।

ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থ অভিযোগ করেছেন, রিপাবলিকানরা কংগ্রেসে নিয়ন্ত্রণ থাকার সময় ট্রাম্পের বিভিন্ন উচ্চাভিলাষী প্রকল্পে অর্থ বরাদ্দ দিতে আগ্রহী ছিলেন, অথচ দেশের বিমান চলাচল ব্যবস্থা মেরামতের ক্ষেত্রে তেমন উদ্যোগ দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি ট্রাম্পের ব্যক্তিগত প্রকল্পের চেয়ে বিমান নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে ডাফি রাজনৈতিক বিরোধ এড়িয়ে এ খাতে ঐকমত্যের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রে নানা বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে দলীয় বিরোধে জড়ানো উচিত নয়।

প্রতিদিন লাখ লাখ যাত্রীর নিরাপত্তার সঙ্গে যুক্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার সংস্কারে দুই দলের সহযোগিতা প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের গভীর রাজনৈতিক মেরুকরণ, বাজেট নিয়ে বিরোধ এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে আস্থার সংকট এ উদ্যোগকে কঠিন করে তুলতে পারে। ফলে দেশটির আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার শেষ পর্যন্ত রাজনৈতিক সংঘাতের কারণে কতটা বাধাগ্রস্ত হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »