
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ২৩
বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইনালে ডিএমপি ঢাকা রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে নারী বিভাগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত আইজি এবং বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণেরও উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি ভালো মাধ্যম।
তিনি বলেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানাই।
আইজিপি বলেন, আমরা দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করেছি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলাধুলায় আরও ভালো করার জন্য পুলিশের সব ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানাই।
অনুষ্ঠানে আইজিপি বিচ ভলিবলের জার্সি উন্মোচন করেন এবং তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন