● ●


গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ২১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ২২

ফিলিস্তিনের গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেই বাস্তুচ্যুত মানুষের সামনে নতুন দুর্যোগ হয়ে এসেছে শীতকাল। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। আশ্রয়হীন পরিবারগুলোর অনেকের তাঁবু পানিতে ডুবে গেছে, নষ্ট হয়েছে সামান্য সম্বলটুকুও। সামনে শীতের মাসগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন ত্রাণকর্মীরা।

চলতি মাসের শুরুতে এক ঝড়ো ও বৃষ্টিভেজা রাতে গাজার দক্ষিণ উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় বালুর একটি বাঁধ ধসে চারজন নিহত হন। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী আবদুল করিম আল-সাহার জানান, ধসে পড়া বালুর নিচে চাপা পড়েছিলেন তার মা। তাকে জীবিত উদ্ধার করা গেলেও আশপাশে চাপা পড়া অন্যদের আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পাশের একটি তাঁবু ধসের পর পুরোপুরি মাটির নিচে হারিয়ে যায়।

আল-সাহারের বাড়ি উত্তর গাজার বেইত হানুনে। দুই বছরের যুদ্ধের প্রথম দিকেই শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এর ধ্বংসাবশেষ ইসরাইল-নিয়ন্ত্রিত ‘ইয়েলো লাইন’-এর পাশে পড়ে আছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে তিনি এখন পরিবার নিয়ে আল-মাওয়াসির একটি তাঁবুতে থাকছেন।

আল-সাহার বলেন, তার পরিবার ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। ভাড়া বাসার খরচও তাদের সামর্থ্যের বাইরে। যুদ্ধের সময় আহত হওয়ার পর থেকে তিনি কাজ করতে পারছেন না। নেই কোনো আয় বা সঞ্চয়।

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিতে গাজায় ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নষ্ট হয়েছে ৪০ হাজারের বেশি আশ্রয়স্থল। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষের একটি বড় অংশ এখন আল-মাওয়াসির মতো ঘনবসতিপূর্ণ তাঁবুশিবিরে বসবাস করছেন। এসব এলাকায় পর্যাপ্ত পয়োনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের আঞ্চলিক পরিচালক ওয়াধাহ হুবাইশি বলেন, গাজায় প্রতি শীতেই এমন দুর্যোগ দেখা দেয়। শীতকাল সেখানে অত্যন্ত কঠিন সময়। এটি যেন প্রতি বছর ফিরে আসা একটি প্রাকৃতিক বিপর্যয়।

ত্রাণ কর্মকর্তারা বলছেন, দরিদ্র পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়বেন। তবে আসন্ন শীতের দুর্ভোগ থেকে বাস্তুচ্যুত মানুষের খুব কম অংশই রেহাই পাবেন।

যুদ্ধবিরতি হলেও থামেনি প্রাণহানি

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে বড় ধরনের সংঘাত কিছুটা কমলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রের সমর্থনে গঠিত ‘বোর্ড অব পিস’ গত সপ্তাহে অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত পূরণে ইসরাইল ও হামাস—উভয় পক্ষই ব্যর্থ হচ্ছে। দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়া যুদ্ধবিরতি দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।

যুদ্ধবিরতি চুক্তির বৃহত্তর পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের কথা রয়েছে। কিন্তু এসব বিষয়ে অগ্রগতি থমকে আছে। হামাস গত জুলাইয়ে অস্ত্র সমর্পণ এবং গাজার শাসনভার একটি বেসামরিক অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের রূপরেখায় সম্মতি দিয়েছিল। তবে ইসরায়েলের বক্তব্য, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা সেনা প্রত্যাহার করবে না।

বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গত সপ্তাহে ইয়েলো লাইনের ওপারে ইসরাইলি বাহিনী বড় ধরনের স্থল অভিযান চালায়। হামাসের একটি সন্দেহভাজন সুড়ঙ্গ লক্ষ্য করে চালানো ওই অভিযানের কারণে কয়েক ডজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে তাদের তাঁবু ছেড়ে পালাতে হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিশ্রুতির তুলনায় গাজায় কম ঢুকছে ত্রাণবাহী ট্রাক

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রতি মাসে গাজায় ১৮ হাজার ট্রাক পণ্য প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের হাতে আসা তথ্য অনুযায়ী, গত মার্চের পর থেকে কোনো মাসেই এ সংখ্যা ১৩ হাজার ছাড়ায়নি। কোনো কোনো মাসে ট্রাক প্রবেশের সংখ্যা ৫ হাজারেরও নিচে ছিল। বেসরকারি ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজায় প্রবেশ করা অনেক ত্রাণবাহী যানেও পূর্ণ পরিমাণ পণ্য থাকে না।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি নীতির কারণে প্রয়োজনীয় পণ্য গাজায় প্রবেশ এবং উপকূলের বাইরের তুলনামূলক কম বন্যাপ্রবণ এলাকায় পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে। পণ্য প্রবেশের ক্ষেত্রে একাধিক অনুমোদন, সীমিত সীমান্ত পারাপার সক্ষমতা এবং অনিশ্চিত সময়সূচির কারণে সরবরাহে বিলম্ব হচ্ছে।

ত্রাণকর্মীরা জানিয়েছেন, ইসরাইলি কর্তৃপক্ষের বাধার কারণে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামও নিয়মিতভাবে গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত জরুরি সরঞ্জামগুলো মেরামত ও সচল রাখার সক্ষমতা প্রায় শেষ হয়ে আসছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও ইতালি ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে, শীত আসার আগেই সীমান্তে আটকে থাকা ১ লাখ ৫০ হাজার তাঁবু এবং অন্যান্য জরুরি সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দিতে হবে।

অন্যদিকে ইসরাইলি কর্মকর্তাদের দাবি, গাজায় এরই মধ্যে ৯৩ হাজারের বেশি তাঁবু এবং শীতকালীন সরঞ্জামসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যবাহী ৮ হাজার ৬০০-এর বেশি ট্রাক প্রবেশ করেছে। এসব সরঞ্জামের মধ্যে পরীক্ষাগারের উপকরণ, ইঞ্জিন অয়েল ও নবজাতকের ইনকিউবেটরের যন্ত্রাংশও রয়েছে।

খাবার থাকলেও কেনার সামর্থ্য নেই মানুষের

গাজায় পণ্য প্রবেশ করলেও সাধারণ মানুষের বড় অংশের কাছে সেগুলো কেনার মতো অর্থ নেই। অধিকাংশ পণ্য অল্প কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে আসছে। ফলে বাজারে তাজা মাংস, সবজি, চকলেট ও বিভিন্ন ধরনের খাবার পাওয়া গেলেও সেগুলো অধিকাংশ ফিলিস্তিনির নাগালের বাইরে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত গাজার মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ তীব্র খাদ্যসংকটে থাকবে। ২০২৫ সালের শেষ দিকে এ হার ছিল ৭৭ শতাংশ। অর্থাৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সংকটের মাত্রা এখনো ভয়াবহ।

গাজার অন্যতম পুরোনো রেস্তোরাঁ শাফুত রেস্তোরাঁর মালিক মোহাম্মদ শাফুত জানান, যুদ্ধবিরতির পরপরই তার ব্যবসায় কিছুটা গতি ফিরেছিল। কিন্তু এখন মূলত আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার কর্মী, ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরাই রেস্তোরাঁয় খেতে আসেন। তিনি বলেন, এখন সমস্যা শুধু বাজারে পণ্য পাওয়া না-পাওয়া নয়; অনেক মানুষের প্রয়োজনীয় খাবার কেনার বা রেস্তোরাঁয় খাওয়ার মতো অর্থও নেই।

উত্তর গাজার চেম্বার অব কমার্সের মহাসচিব ইমাদ আল-ঘুল বলেন, যুদ্ধবিরতির পর বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তার হিসাবে, স্থানীয় শিল্পকারখানার প্রায় ৯৫ শতাংশই বন্ধ হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যও অল্প কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হওয়ায় বাজারে প্রতিযোগিতা কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

জাতিসংঘের আগস্টের ভূস্থানিক মূল্যায়ন অনুযায়ী, গাজার মাত্র ৩ শতাংশ কৃষিজমি এখন ব্যবহারযোগ্য ও অক্ষত রয়েছে। বাকি জমির বড় অংশ ইসরায়েলি দখলকৃত এলাকায় পড়েছে।

তাঁবু বাঁচাতে পুরোনো খাবারের বস্তা, ভাঙা কাঠের ব্যবহার

প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করতে ত্রাণ সংস্থাগুলোও সীমিত সামর্থ্য নিয়ে কাজ করছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীরা খাবারের কাঠের বাক্স ভেঙে তাঁবুর খুঁটি তৈরি করছেন। পুরোনো খাবারের বস্তা দিয়ে বানাচ্ছেন বালুর বস্তা, আর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া ধাতব হাঁড়ি দিয়ে তৈরি করছেন বন্যা প্রতিরোধের ব্যবস্থা।

তবে এসব উদ্যোগে সাময়িকভাবে কিছুটা সুরক্ষা মিললেও প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসের মুখে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

নুসেইরাত শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের পাশে বসে ৪৪ বছর বয়সী আবদ আলিউয়া বলেন, তারা আর এই দুর্ভোগ সহ্য করতে পারছেন না। তাদের জন্য কেউ একটি সমাধান খুঁজে দিক—এটাই তাদের চাওয়া। তাঁবুতে থাকা মানুষ পানিতে ডুবে যাচ্ছেন, রাস্তায় থাকা মানুষ আহত হচ্ছেন, আবার আশ্রয় নেওয়া মানুষও নিরাপদ নন।

তৃতীয় শীতও কাটছে ছেঁড়া তাঁবুতে

খান ইউনিস শহরের বাসিন্দা ৩৯ বছর বয়সী মোহাম্মদ আবু দাক্কা স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে আল-কারারার উপকূলীয় এলাকায় একটি জীর্ণ তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধ শুরুর পর থেকে সাবেক এই কৃষিশ্রমিক কোনো আয় করতে পারেননি। যুদ্ধে তার বাবা, ভাই ও দুই ভাতিজা নিহত হয়েছেন। তাঁর মেয়েও পায়ে বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে।

আবু দাক্কা বলেন, শীত তাদের জন্য বারবার ফিরে আসা এক কঠিন লড়াই। একই জায়গায় পরিবার নিয়ে এটি তাদের তৃতীয় শীত। প্রতিবছর একইভাবে ঠান্ডা, বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হচ্ছে। তাদের তাঁবুটি এতটাই জীর্ণ হয়ে গেছে যে আবহাওয়ার সঙ্গে লড়াই করার সামর্থ্য নেই। বাতাসে তাঁবু উড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ঠেকাতে সন্তানদের তাঁবুর কিনারা ধরে রাখতে হয়।

পরিবারটি তাঁবুর চারপাশে অগভীর নালা খুঁড়েছে, যাতে বৃষ্টির পানি কিছুটা ঠেকানো যায়। কিন্তু সমুদ্রের পানি বেড়ে গেলে এ ব্যবস্থা কোনো কাজে আসবে না বলে জানেন তারা। কমিউনিটি রান্নাঘর ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন থেকে কিছু খাবার পেলেও সাবান কিংবা কাপড় ধোয়ার গুঁড়া কেনার সামর্থ্য নেই তাদের। এসব প্রয়োজনীয় জিনিসের জন্য তার স্ত্রীকে অন্য বাস্তুচ্যুত পরিবারের কাছে হাত পাততে হয়।

আবু দাক্কার একটাই চাওয়া—এই দুর্ভোগের অবসান এবং এমন একটি স্থায়ী আশ্রয়, যেখানে পরিবারের নিরাপত্তা ও মানুষের মতো বেঁচে থাকার মর্যাদা থাকবে।

৭৪ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা

২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৪ হাজারে পৌঁছেছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরাইল গণহত্যা অব্যাহত রেখেছে।

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে নিরাপত্তা, খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের সংকট কাটেনি। বরং শীতের বৃষ্টি ও বন্যা নতুন করে তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। ত্রাণ প্রবেশের বাধা, কর্মসংস্থানের অভাব এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর কারণে পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও সীমিত।

গাজার বাস্তুচ্যুত মানুষের আশঙ্কা, যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর এবার শীতের প্রকোপ তাদের জন্য আরও বড় বিপর্যয় নিয়ে আসবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »