● ●


দেশে ১৩০ লাখ কোটি টাকার কয়লা মজুত
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

দেশে ১৩০ লাখ কোটি টাকার কয়লা মজুত

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯: ৩৫

দেশের পাঁচটি কয়লা খনিতে বর্তমানে মজুত আছে প্রায় ৭৮০ কোটি টন উন্নতমানের কয়লা। টাকার অঙ্কে এ কয়লার দাম ১৩০ লাখ কোটি টাকা, যা দেশের ১৫টি জাতীয় বাজেটের সমান। বিপুল এই প্রাকৃতিক সম্পদ মাটির নিচে রেখেই প্রতি বছর আমদানি করা হচ্ছে ২৪ হাজার কোটি টাকার কয়লা। অথচ প্রতিবেশী দেশ ভারত বছরে ১,১৫০ মিলিয়ন টন কয়লা উত্তোলন করছে, যার ৯৬.৫ শতাংশই তোলা হচ্ছে উন্মুক্ত বা ওপেনকাস্ট পদ্ধতিতে।

কেবল উন্মুক্ত পদ্ধতিতে যেতে না পারার কারণেই বাংলাদেশের বার্ষিক উৎপাদন ভারতের ১,১৫০ ভাগের এক ভাগ তথা মাত্র এক মিলিয়ন টনের মতো। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা আশা করছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা গেলে জ্বালানি সংকট দূরীকরণের পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে এবং দেশের অর্থনীতি ও জিডিপির আকার অনেক বড় হবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি প্রান্তেই জ্বালানি সংকট তীব্রতর হচ্ছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া, হরমুজ প্রণালি ও বাব-আল মান্দেবে জাহাজ চলাচল বাধাপ্রাপ্ত হওয়ায় সংকট আরো ঘনীভূত হচ্ছে।

এমন পরিস্থিতির বাস্তবতায় পৃথিবীর অনেক দেশই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দিকে ঝুঁকছে। ভারত তার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো শুরু করেছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সীমা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। উৎপাদন সক্ষমতা কমে আসা জাপানি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় উৎপাদনে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে থাইল্যান্ড ও ফিলিপাইনসহ বহু দেশ। বাংলাদেশকেও তাই বৃহদাকারের কয়লা উত্তোলনে মনোনিবেশ করতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে ৫৭২ মিলিয়ন টন উন্নতমানের বিটুমিনাস কয়লা মজুত আছে জানিয়ে বাপেক্স কর্মকর্তারা বলছেন, এর মধ্যে প্রায় ৪৭৫ মিলিয়ন টন উত্তোলনযোগ্য। খনিটি পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে এখান থেকে বছরে প্রায় দেড় কোটি টন কয়লা উত্তোলন সম্ভব।

উত্তোলনযোগ্য দুই কোটি ৪০ লাখ টন

পেট্রোবাংলার তথ্যানুযায়ী, বাংলাদেশ বছরে প্রায় দুই কোটি থেকে দুই কোটি ২০ লাখ টন কয়লা আমদানি করে। ২০২৪-২৫ অর্থবছরে কয়লা আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১১৯ কোটি ডলার। অথচ দেশের প্রধান তিনটি খনি থেকে প্রতি বছর দুই কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব। দেড় কোটি টন আসতে পারে কেবল ফুলবাড়ী থেকেই। বড়পুকুরিয়া নর্থ ও দিঘিপাড়া থেকে যথাক্রমে ৬০ লাখ ও ৩০ লাখ টন কয়লা উত্তোলন সম্ভব।

সংশ্লিষ্টদের ধারণা, ফুলবাড়ী খনি চালু হলেই দেশের কয়লা আমদানির সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত স্থানীয় কয়লা দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে। যদিও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে খনি এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষকে পুনর্বাসন; কৃষিজমি, সুপেয় পানি সংরক্ষণ ও পরিবেশগত বাস্তুতান্ত্রিক প্রভাব সমন্বয়ের মতো জটিলতা রয়েছে। এ অবস্থায় সংবেদনশীল ও প্রযুক্তিগত সক্ষমতা পর্যালোচনা করে নিজস্ব খনিজসম্পদ ব্যবহারে কীভাবে সামনে এগোনো যায়, সেটিই এখন সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ থেকে খোদ সরকারের সংশ্লিষ্টরা।

জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, কয়লা উত্তোলনে বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তৈরি হলেও ঝুঁকি নিতে হবে। কারণ, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নিজস্ব কয়লা ব্যবহার জরুরি হয়ে উঠেছে। কাজেই মাটির নিচে গচ্ছিত না রেখে কয়লা উত্তোলনেই মুক্তি দেখছে সরকার। বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, দেশের জ্বালানি নিরাপত্তা, আমদানি হ্রাসের মতো বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় কয়লা উত্তোলনে জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলনের বিষয়টি প্রাথমিক অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে।

খনিসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ খনি থেকে উত্তোলন শুরু হলে বছরে ১৫ মিলিয়ন বা দেড় কোটি টন কয়লা পাওয়া যাবে। সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগে যেসব সমীক্ষা হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সূত্র নিশ্চিত করেছে যে, সরকার এবার কয়লা উত্তোলনে ভারতীয় নীতি অবলম্বন করবে। সমান্তরালে চলবে আন্দোলন ও উত্তোলন। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে ভারতের পরিবেশবাদী এবং আদিবাসী সম্প্রদায়গুলো দীর্ঘ সময় ধরে তীব্র আন্দোলন ও প্রতিবাদ করে আসছে। ভারতের ফুসফুসখ্যাত ছত্তিশগড়ের ‘হাসদেও আরান্দ’ বনভূমি রক্ষায় উন্মুক্ত কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে গত এক দশকেরও বেশি সময় ধরে সেখানকার স্থানীয় আদিবাসী ও পরিবেশবাদীরা বিক্ষোভ করছেন। ঝাড়খণ্ডের হাজারীবাগ বা চিরুডিহ অঞ্চলে উন্মুক্ত খনির জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষক ও পরিবেশকর্মীরা গড়ে তুলেছেন ব্যাপক আন্দোলন। পরিবেশবাদী সংগঠনগুলো ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টে অসংখ্য মামলা লড়ছে। এসব আন্দোলন-মামলা চলমান অবস্থায়ই ভারত সরকার প্রতি বছর ১,১৫০ মিলিয়ন টন কয়লা উত্তোলন অব্যাহত রেখেছে।

আগে পুনর্বাসন, পরে উত্তোলন

একাধিক জ্বালানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান বিশ্বব্যবস্থার পরিপ্রেক্ষিতে দেশের কয়লাসম্পদ উত্তোলনের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাঝেমধ্যেই দেশের নিজস্ব কয়লা খনিগুলোর অবস্থা, উত্তোলন পরিস্থিতি ও আর্থিক সাশ্রয়সহ নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন। বড়পুকুরিয়া, ফুলবাড়ী, দিঘিপাড়া ও জামালগঞ্জের কয়লাখনি সম্পর্কে তিনি ইতিবাচক ধারণা নিয়েই অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের গত অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়লা উত্তোলন করতে গেলে ওপেন পিট (উন্মুক্ত পদ্ধতিতে) যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে বসতবাড়ি আছে, কৃষিজমি আছে। অবশ্যই সবার আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেসব মানুষকে আগে সেটেলমেন্ট করা যায়।’

মুনাফার অংশ পাবেন ক্ষতিগ্রস্তরা

জানা যায়, খনি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জমির ইজারা বাবদ অর্থ দেওয়ার পাশাপাশি খনির মুনাফার একটি অংশও তাদের দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে ফুলবাড়ী খনি উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জমি, বসতবাড়ি স্থানান্তর, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার খনিসংলগ্ন এলাকার জমির মালিক এবং স্থানীয় বাসিন্দারা প্রস্তাবিত ব্যবস্থার আওতায় আসতে পারেন। ফুলবাড়ী খনি এলাকায় প্রায় ১০ হাজার একর জায়গাজুড়ে ৪০ হাজার মানুষের বসবাস। খনি উন্নয়নে প্রায় ৪৮ বর্গকিলোমিটার এলাকা প্রয়োজন হতে পারে। খননকাজ শুরুর পূর্বেই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হবে বলে জানা গেছে।

আরো দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

কয়লা উত্তোলনের পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কক্সবাজারের মাতারবাড়ী ও পটুয়াখালীর পায়রায় তিন বিলিয়ন ডলার ‍বিনিয়োগে ২,৬৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এলএনজির তুলনায় কয়লার উৎস ও সরবরাহ তুলনামূলকভাবে স্থিতিশীল। দেশে বর্তমানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা সাত হাজার মেগাওয়াটের কিছু বেশি। এসব বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ৯৫ শতাংশ কয়লাই আমদানি হয়। নতুন দুটি কেন্দ্র স্থাপন করার পর সক্ষমতা প্রায় ১০ হাজার মেগাওয়াটে দাঁড়াবে। ফলে স্বাভাবিকভাবেই বাড়বে কয়লার চাহিদাও। যদিও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের ক্ষেত্রে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পূর্বে সংশ্লিষ্ট এলাকার কৃষক, জমির মালিক, স্থানীয় প্রভাবশালী মহল এবং রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দিয়ে প্রখ্যাত ভূতত্ত্ববিদ, জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অনারারি অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন, নিজস্ব সম্পদ কাজে লাগানোর ক্ষেত্রে যদি কয়লা উত্তোলন করতেই হয়, সেক্ষেত্রে ভূগর্ভস্থ পদ্ধতিতেই যেতে হবে। সেটা সীমিত কিংবা মাঝারি যেকোনো আকারে হতে পারে।

তার মতে, যাদের জমি খনিতে ব্যবহার করা হবে, তারা কীভাবে এ প্রকল্প থেকে সুবিধাভোগী হবেনÑসেটি নিশ্চিত করতে হবে। কৃষিজমি, সুপেয় পানি, পরিবেশগত জটিলতাগুলো গুরুত্বের সঙ্গে নিতে হবে। এজন্য সরকারি নীতিনির্ধারক, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্তদের সম্পৃক্ত করে কমিটি করার পরামর্শ দেন তিনি।

দেশের স্বার্থে সিদ্ধান্তÑমন্ত্রী

প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করতে হচ্ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে প্রচুর কয়লা মজুত থাকার পরও উত্তোলন করতে না পারায় আমরা প্রতিনিয়ত চাপে আছি। এটা আমাদের অর্থনীতির ওপর অনেক বড় চাপ। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার আলোকে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করে এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে শিগগির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »