
চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য একটি ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কুনমিংয়ে ‘হুয়াক্সিয়া অপথালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধন করেন কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু। এরপর তিনি ‘কুনমিং হুয়াক্সিয়া আই হসপিটাল’-এ বাংলাদেশি রোগীদের জন্য স্থাপিত এই ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াক্সিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং।
.
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি রোগীদের জন্য এটিই প্রথম কোনো বিশেষায়িত চক্ষুসেবা ব্যবস্থা। এই ‘গ্রিন চ্যানেল’-এর মাধ্যমে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষুরোগীরা ভ্রমণের আগেই প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা-নথি পর্যালোচনা করার সুযোগ পাবেন। এ ছাড়া হাসপাতালে পৃথক আন্তর্জাতিক ডেস্ক, অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলোআপ সেবা পাওয়া যাবে।
.
উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল শাহনাজ রানু জনস্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি এবং চক্ষুচিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, সেবা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসার মান, নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করাই কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা। একই সঙ্গে বাংলাদেশি চক্ষুচিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের চক্ষু প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান শাহনাজ।