● ●


পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাপ আসলে কী, পাপের ক্ষতি কী, কীভাবে বুঝব কোনটা পাপ

অনেক ধর্মীয় পরিবেশে শিশুদের একধরনের অপরাধবোধ ও মানসিক ভীতির মধ্য দিয়ে বড় করা হয়। সন্তান একটু ভুল কাজ করলেই বলা হয়, ‘তুমি পাপ করেছ, আল্লাহ তোমার ওপর কষ্ট পাচ্ছেন’ কিংবা ‘তোমার এই কাজে ফেরেশতারা লজ্জা পাচ্ছেন।’

অনেক ধর্মীয় বক্তাও এমন কথা বলে থাকেন যে মানুষ অপরাধ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে কিংবা আল্লাহ কষ্ট পান।

বাহ্যিকভাবে এই কথাগুলো পাপ থেকে দূরে রাখার কৌশল মনে হলেও, এর পেছনে একটি চিন্তাগত ভ্রান্তি লুকিয়ে রয়েছে। আল্লাহ কি এতটাই দুর্বল যে সামান্য মানুষের ভুলত্রুটিতে তিনি কষ্ট পাবেন?

এই ধরনের মনস্তাত্ত্বিক চাপ দিয়ে মানুষকে ক্ষণিকের জন্য ভয় দেখানো গেলেও, বিবেকবান বা অনুসন্ধানী মানুষ একসময় এই অযুক্তিক ধারণা থেকে মুখ ফিরিয়ে নেয়।

ইসলামের মূল বিশ্বাসের অন্যতম হলো আল্লাহর অসীম অমুখাপেক্ষিতা (আল-সামাদ ও আল-গনি)। মহান আল্লাহ মানুষের ভালো কাজ বা নামাজের মুখাপেক্ষী নন, কিংবা মানুষের অপরাধ বা অমান্যতায় তাঁর কোনো ক্ষতি হয় না।

পুরো মানবজাতি যদি গভীর ধার্মিক হয়ে যায়, তাতে আল্লাহর মর্যাদায় একবিন্দুও বৃদ্ধি ঘটে না; আবার পুরো বিশ্ব যদি নাস্তিক বা পাপাচারী হয়ে যায়, তবুও তাঁর ক্ষমতার বিন্দুমাত্র ক্ষতি হয় না।

কোরআনে সেই সত্য প্রকাশ করে বলা হয়েছে, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর। কে আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তিনি জানেন মানুষের সামনে ও পেছনে যা কিছু আছে। আর তাঁর জ্ঞানের কোনো কিছুই মানুষ আয়ত্ত করতে পারে না, তিনি যতটুকু ইচ্ছা করেন তা ছাড়া। তাঁর কুরসি আসমান ও জমিন পরিব্যপ্ত এবং এ দুটির সংরক্ষণ তাঁর জন্য মোটেই কঠিন নয়। আর তিনি পরম উচ্চ, মহাসমহিম। (সুরা বাকারা, আয়াত: ২৫৫)

ইমাম গাজালি উল্লেখ করেছেন, মহান আল্লাহ বিশ্বজগতের সমস্ত উপাসনা ও ইবাদতের ঊর্ধ্বে অবস্থান করেন; মানুষের ইবাদত তাঁর কোনো প্রয়োজন মেটায় না, বরং ইবাদত হলো বান্দার নিজের আত্মার সুস্থতা ও শান্তির খোরাক। (আল-গাজালি, ইহয়াউ উলুমিদ্দিন, ১/১৬৫, দারুল মারিফাহ, বৈরুত, ১৯৮২)

যদি পরম আল্লাহ আমাদের কোনো ইবাদতের তোয়াক্কা না করেন এবং আমাদের পাপে তাঁর কোনো ক্ষতি না হয়, তবে ‘পাপ’ আসলে কী? কেন কিছু কাজকে নিষিদ্ধ বা পাপ বলা হয়েছে?

পাপ কোনো আবেগাক্রান্ত সত্তার মেজাজ খারাপের বিষয় নয়; বরং পাপ হলো এমন সব কাজ, যা মানুষের নিজের জন্য, তার পরিবারের জন্য কিংবা সামাজিক শান্তির জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক।

মহান আল্লাহ পরম দয়ায় মানুষকে এমন কিছু বিষাক্ত ফাঁদ ও আচরণ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

উদাহরণস্বরূপ—মদ্যপান, জুয়া খেলা, ব্যভিচার, চুরি কিংবা অন্যায়ভাবে মানুষ হত্যা করাকে ইসলামে মহাপাপ বলা হয়েছে। সাময়িকভাবে এসব কাজে ক্ষণিক আনন্দ বা উত্তেজনা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে তা ডেকে আনে পারিবারিক অশান্তি, শারীরিক ব্যাধি, আর্থিক দেউলিয়াত্ব এবং সামাজিক বিভেদ।

যেসব পাপ মানুষের নিজের ক্ষতি করে, সেগুলোর ক্ষেত্রে অনেকেই প্রশ্ন তোলেন, ‘আমার শরীর, আমার জীবন; আমি নিজের ক্ষতি করলে অন্যের কী সমস্যা?’

কোরআন আমাদের দৃষ্টিভঙ্গি সংশোধন করে দেয় যে মানুষ আসলে নিজেরও মালিক নয়। মানুষের অস্তিত্ব ও শরীরের প্রকৃত মালিক মহান আল্লাহ। কোরআনে বলা হয়েছে, তারা কি সৃষ্টিছাড়া এমনিতেই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? (সুরা তুর, আয়াত: ৩৫)

যেহেতু আমরা নিজেদের সৃষ্টি করিনি এবং জীবনের অস্তিত্বের জন্য প্রাকৃতিকভাবে স্রষ্টার ওপর নির্ভর করতে হয়, তাই নিজের শরীর বা আত্মাকে ক্ষতিকর কাজে লিপ্ত করে ধ্বংস করার অধিকার মানুষের নেই। (ড. তারিক রমাদান, ইন দ্য ফুটস্টেপস অব দ্য প্রফেট, পৃষ্ঠা ৪৫, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউইয়র্ক, ২০০৭)

যদি প্রশ্ন করা হয়, অবিশ্বাসী হওয়া বা আল্লাহকে অস্বীকার করা কীভাবে পাপ হয়, যেখানে তা সরাসরি কারও শারীরিক ক্ষতি করছে না? উত্তর হলো, মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো পরম স্রষ্টাক চেনার মাধ্যমে অন্তরের স্থায়ী শান্তি খুঁজে পাওয়া।

স্রষ্টাকে অস্বীকার করা বা অন্য কোনো সৃষ্টিকে স্রষ্টার আসনে বসানো (শিরক) মানুষকে জীবনের মূল উদ্দেশ্য থেকে পুরোপুরি বিচ্যুত করে ফেলে। যে মানুষ আলোর উৎসকে অস্বীকার করে, সে তো অন্ধকারের পথেই হাঁটে।

পরম শান্তির উৎস আল্লাহকে অস্বীকার করলে মানুষ কখনোই আত্মিক স্বস্তি ও প্রশান্তি লাভ করতে পারে না। ফলে কুফর বা শিরক হলো নিজের আত্মার প্রতি করা সবচেয়ে বড় অবিচার ও পাপ।

কোনো আচরণ বা কাজ পাপ কি না—তা যৌক্তিকভাবে নির্ধারণের মাপকাঠি হলো ইসলামের মূল লক্ষ্য বা ‘মাসলাহা’ (জনকল্যাণ)।

ইমাম আল-গাজালি উল্লেখ করেছেন, ইসলামের সমস্ত বিধানের মূল উদ্দেশ্য হলো মানুষের পাঁচটি মৌলিক বিষয়ের সুরক্ষা নিশ্চিত করা: ধর্ম, জীবন, প্রজনন বা বংশ, সম্পদ এবং বিবেক বা বুদ্ধি। এই পাঁচটির যেকোনো একটির জন্য যা কিছু ক্ষতিকর বা ধ্বংসাত্মক, তাই ইসলামে নিষিদ্ধ বা পাপ। (আল-গাজালি, আল-মুসতসফা মিন ইলম আল-উসুল, ১/২৮৬-২৮৭, দারুল কুতুব আল-ইলমিয়াহ, বৈরুত)

ইসলামি আইনতত্ত্বের প্রবক্তা তাহির ইবনে আশুর স্পষ্ট করেছেন যে মানুষের ব্যক্তিগত ও সামাজিক ক্ষতি রোধ করাই ইসলামি বিধানের মূল লক্ষ্য। সুতরাং, কোরআন-হাদিসের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা এবং সুস্থ বিবেকে কোনো কাজ যদি এই মৌলিক কল্যাণগুলোর পরিপন্থী বা ক্ষতিকর প্রমাণিত হয়, তবেই তা নিশ্চিতভাবে ‘পাপ’ বলে গণ্য হবে। (ইবনে আশুরা, মাকাসিদ আল-শরিয়াহ আল-ইসলামিয়াহ, পৃষ্ঠা ২৫১, মিনহাজ আদ-দিরাসা, কায়রো)

ইসলাম মানুষকে ফেরেশতাতুল্য নিখুঁত সত্তা হিসেবে দেখে না। মানুষ রক্তমাংসের তৈরি, তার ভেতর প্রবৃত্তি ও ভুলের ঝোঁক রয়েছে। জীবনে কখনো না কখনো মানুষ পা পিছলে পড়ে যেতেই পারে। তবে কোনো ভুল বা পাপ হয়ে যাওয়ার অর্থই জীবন শেষ হয়ে যাওয়া নয়।

পাপের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো তা মানুষকে হতাশার দিকে ঠেলে দেয়। কিন্তু ইসলামি জীবনদর্শনে পাপের পরপরই অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসার পরম সুযোগ রাখা হয়েছে।

কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। (সুরা বাকারা, আয়াত: ২২২)

হাদিসে এসেছে, কোনো বান্দা যখন ভুল বুঝতে পেরে অনুতপ্ত চিত্তে তওবা করে, তখন আল্লাহ মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ও রসদ ফিরে পাওয়া পথিকের চেয়েও বেশি সন্তুষ্ট হন। (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৮)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »