● ●


প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ২:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান

শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের উপহার দিলেন নির্মাতারা। মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার গানে আবারও জুটি বেঁধেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁদের প্রেমের রসায়ন যেমন দেখা গেছে, তেমনি গানের দৃশ্যজুড়ে রয়েছে রক্তপাত, খুন আর প্রতিশোধের ইঙ্গিত। সব মিলিয়ে রোমান্টিক আবহের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর গল্পের আভাস।

প্রেমিক নাকি খুনি?
গানের শুরুতে দেখা যায়, কালো পোশাক পরা শাহরুখ হাতে বন্দুক নিয়ে একটি দ্বীপে হেঁটে যাচ্ছেন। নিজেকে তিনি খুনি নয়, প্রেমিক হিসেবে পরিচয় দেন। কিন্তু পরের দৃশ্যগুলোয় স্পষ্ট হয়, প্রেমের পাশাপাশি অপরাধজগতের সঙ্গেও তাঁর গভীর যোগাযোগ রয়েছে। আর এসব কর্মকাণ্ডের কিছুই জানেন না দীপিকা।
গানের প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই দেখা যায়, গাড়ির বনেট থেকে একগুচ্ছ গোলাপ নিতে যাচ্ছেন শাহরুখ। ফুলের পাশেই পড়ে আছেন তাঁর অপহরণ করা এক ব্যক্তি। হাত-পা বাঁধা, মুখে কাপড় গোঁজা। মুহূর্তেই লোকটির মাথায় গুলি করেন শাহরুখ। এরপর নির্বিকার ফুলের তোড়া নিয়ে দীপিকার সঙ্গে ডেটে চলে যান।

এরপর দ্বীপজুড়ে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্ত। দুজনকে গানের তালে নাচতেও দেখা যায়। তাঁদের নাচের দৃশ্য মনে করিয়ে দিতে পারে ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান ‘বেশরম রং’-এর কথা। কারণ, সেই সিনেমাতেও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় জুটি বেঁধেছিলেন তাঁরা।

.

তবে প্রেমের আড়ালে অপরাধের কাজ চালিয়ে যান শাহরুখ। এক দৃশ্যে দেখা যায়, মাছভর্তি পণ্যবাহী কার্গোর ভেতর লুকিয়ে অস্ত্র পাচার করছেন তিনি। আবার দীপিকা ভলিবল খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা পেলে শাহরুখ তাঁর ঘাড় সোজা করে দেওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময়ই দৃশ্যান্তরে দেখা যায়, শত্রুর ঘাড় মটকে দিচ্ছেন তিনি।
গানে শাহরুখের ওপর নির্যাতনের দৃশ্যও রয়েছে। তাঁকে মারধর করা হচ্ছে, যন্ত্রণায় চিৎকার করছেন তিনি। মনে হয়, বিশেষ কাউকে হারিয়েছেন। এরপর কুঠার হাতে একের পর এক মানুষকে হত্যা করতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে চরিত্রটির জীবনে কোনো বড় ট্র্যাজেডি বা বিয়োগান্তক ঘটনা ঘটেছে, এমন ইঙ্গিতই পাওয়া যায়।

গানে শাহরুখের এইট প্যাক অ্যাবসও নজর কেড়েছে। এবার তাঁর শরীরে দেখা গেছে ট্যাটু। গানের শেষ দিকে চরিত্রটির প্রতিশোধস্পৃহা আরও স্পষ্ট হয়। শাহরুখকে বলতে শোনা যায়, ‘কিন্তু এবার হৃদয়ে আগুন জ্বলেছে। পৃথিবীকে পুড়িয়ে না দিলে এবার আর শান্তি মিলবে না।’ এরপর একটি ক্যাসিনোতে কাউকে গুলি করে হত্যা করেন তিনি। দৃশ্যটি এর আগে প্রকাশিত ‘কিং’-এর রক্তাক্ত টিজারের কথাও মনে করিয়ে দেয়।

অরিজিৎ ও এড শিরানের একসঙ্গে গান
‘তু মিল যায়ে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও এড শিরান। ইংরেজি র‍্যাপের অংশগুলো গেয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। নারী কণ্ঠে রয়েছেন মধুমতী বাগচী।

.

গানটি শাহরুখের জন্য অরিজিৎ সিংয়ের বিশেষ একটি কাজ হতে পারে। কারণ, গত জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই সংগীতশিল্পী। এর আগে শাহরুখের বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার ‘কাশ্মীর ম্যায় তু কন্যাকুমারী’, ‘দিলওয়ালে’র ‘গেরুয়া’, ‘জব হ্যারি মেট সেজাল’-এর ‘হাওয়ায়েঁ’ ও ‘সফর’, ‘রইস’-এর ‘জালিমা’এবং ‘ডানকি’র ‘ও মাহি’।

এদিকে অরিজিতের সঙ্গে আবারও কাজ করলেন এড শিরান। এ বছরের শুরুর দিকে ভারত সফরের সময় গানটি রেকর্ড করেন তিনি। সে সময় অরিজিতের সঙ্গে তাঁর ‘স্যাফায়ার’ গানটিও আলোচনায় এসেছিল। গানটিতে পাঞ্জাবি অংশে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ। এমনকি সেই গানের ভিডিওতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকেও। এবার ‘কিং’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এড শিরানের।
গানটির কথা লিখেছেন কুমার। কোরিওগ্রাফি করেছেন পীযূষ-শাজিয়া। গত বছর মুক্তি পাওয়া আদিত্য ধরের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর ‘রাম্বা হো’ও ‘শরারত’ গানের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া মধুমতী বাগচী গেয়েছেন গানটির নারী অংশ।

শাহরুখ-দীপিকার ষষ্ঠ সিনেমা
‘কিং’ সিনেমায় ষষ্ঠবারের মতো একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। এর আগে ‘ওম শান্তি ওম’(২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’(২০১৩), ‘হ্যাপি নিউ ইয়ার’(২০১৪), ‘পাঠান’(২০২৩) ও ‘জওয়ান’(২০২৩) সিনেমায় জুটি বেঁধেছেন তাঁরা। সব কটিই বক্স অফিসে সফল হয়েছিল।

.কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ.

সিনেমাটিতে প্রধান খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। আরও অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সুহানা খান ও অভয় ভার্মা। সিদ্ধার্থ আনন্দ ও তাঁর স্ত্রী মমতা আনন্দের প্রযোজনা প্রতিষ্ঠান মারফ্লিক্স পিকচার্স এবং শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে।

আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’।

.

জন্মদিনে মান্নাতের বাইরে ভক্তদের ভিড়
আজ সোমবার ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ খান। জন্মদিনের প্রথম প্রহর থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর আবহে সাজানো হয়েছিল বাড়িটিও। ভবনের সামনের অংশে টানানো হয়েছিল সিনেমায় শাহরুখের পোস্টার। সেখানে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে কিং’।
মান্নাতের বাইরে টানানো বিভিন্ন পোস্টারের একটিতে ভক্তদের উদ্দেশে শাহরুখের বার্তাও ছিল। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।’

জন্মদিনে বাড়ির বারান্দায় এসে শাহরুখ ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়। তবে আগের সন্ধ্যা থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। সাম্প্রতিক সময়ে বলিউডের কয়েকজন তারকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় মুম্বাই পুলিশও বাড়তি সতর্কতা নিয়েছে। টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনা এবং অমিতাভ বচ্চনের জুহুর বাংলো জলসায় বোমা হামলার হুমকির ই-মেইল পাওয়ার পর মান্নাতের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »