● ●


মনে হচ্ছে বড় বোনকে চিরদিনের জন্য হারালাম: সুচন্দা
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মনে হচ্ছে বড় বোনকে চিরদিনের জন্য হারালাম: সুচন্দা

নাসিমা আপার সঙ্গে আমার পরিচয় জহির রায়হান পরিচালিত ‘দুই ভাই’ ছবিতে কাজ করতে গিয়ে। খুব সম্ভবত ১৯৬৭ সালের দিকে ছবিটির শুটিং হয়েছিল, মুক্তি পায় ১৯৬৮ সালে। তখন আমরা দুজনেই অভিনয়জীবনের শুরুর দিকে। ছবিতে আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলাম। নাসিমা আপা ছিলেন বড় বোন, আমি ছোট বোন। শুটিংয়ের সময়ের সেই সম্পর্ক আমাদের বাস্তবজীবনেও সত্যি হয়ে ওঠে। মনে হতো, তিনি সত্যিই আমার বড় বোন, আমি তাঁর ছোট বোন। আমার নিজের তো কোনো বড় বোন নেই। নাসিমা আপার মধ্যে যেন সেই অভাবটা যেন খুঁজে পেয়েছিলাম।

‘দুই ভাই’ ছবির শুটিংয়ের কথা মনে হলে এখনো অবাক হই। মাত্র ১৪ দিনে ছবিটির গল্প তৈরি, শুটিং, ডাবিং—সব কাজ শেষ হয়েছিল। আমরা কেউ ঠিকমতো ঘুমাতাম না। রাজ্জাক ভাই, নাসিমা আপা, আমরা সবাই অ্যান্টি স্লিপিং পিল খেয়ে শুটিং করেছি। ঢাকা ও কুমিল্লায় হয়েছিল ছবিটির শুটিং। জহির রায়হানের সঙ্গে এক টিমে ছিলেন আমজাদ হোসেন, মোস্তফা মেহমুদ, নুরুল হক বাচ্চু, রহিম নেওয়াজ। ক্যামেরায় ছিলেন আফজাল এইচ চৌধুরী। তখন কাজের প্রতি আমাদের সবার কী যে আন্তরিকতা ছিল! এন্টি স্লিপিং পিল খেয়ে ‘দুই ভাই’ সিনেমার শুটিংয়ের কারণে কাজ শেষে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমাতে গিয়ে দেখি ঘুম আসছে না। অদ্ভুত একটা ব্যাপার। পরে কী যেন কাজ হচ্ছিল ‘দুই ভাই’ সিনেমার, তখন আবার ছুটে যাই এফডিসিতে।

এফডিসি তখন আমাদের প্রথম বাড়ির মতো ছিল। অন্তত আমার কাছে—কাজ থাকুক বা না থাকুক, সেখানে চলে যেতাম। থাকার বাড়ি ছিল অনেকটা দ্বিতীয় বাড়ি। দেশ স্বাধীনের আগে চলচ্চিত্রে আমরা পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে কাজ করেছি। সবার মধ্যে একটা আন্তরিকতা ছিল, একে অপরের প্রতি ভালোবাসা ছিল—তা সত্যিই এখন ভাবা যায় না। নাসিমা আপার সঙ্গে আমার সম্পর্কটাও তেমন ছিল।

শিল্পী হিসেবে নাসিমা আপা খুব ভালো ছিলেন। দেখতে সুন্দর, অভিনয় ছিল সাবলীল। সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে সমঝোতাটা দারুণ ছিল। একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি, আমরা শুধুই সহকর্মী। পর্দায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছি, আর শুটিং শেষেও সেই সম্পর্কটা আমাদের মধ্যে থাকত। তাঁর সঙ্গে আরও কয়েকটি ছবিতে কাজ করেছি। তবে ‘দুই ভাই’ ছবির স্মৃতি আমার কাছে সব সময় আলাদা।এরপর সময়ের সঙ্গে আমাদের দেখা-সাক্ষাৎ কমে আসে। শেষের কয়েক বছরে আর নিয়মিত যোগাযোগ রাখা হয়নি। কয়েক মাস আগে নাসিমা আপার ছেলেকে নিয়ে একটা দুঃসংবাদ শুনেছিলাম। তাঁর খোঁজ নিয়েছিলাম। কিন্তু এরপর আর কথা বলা হয়ে ওঠেনি।

ঠিক সপ্তাহ দুয়েক আগে ইউটিউবে ‘দুই ভাই’ ছবিটি দেখছিলাম। পুরোনো দিনের কত স্মৃতি মনে পড়ছিল! নাসিমা আপার সঙ্গে কথা বলব বলে ভেবেছিলাম। কিন্তু ব্যস্ততার কারণে আর যোগাযোগ করা হয়নি। কে জানত, এই আফসোসটা এভাবে থেকে যাবে! রোববার রাতে একজন সাংবাদিকের কাছ থেকে নাসিমা আপার মৃত্যুর খবর শুনলাম। খবরটা শোনার পর নিজেকে সামলাতে পারছিলাম না। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। মনে হচ্ছিল, এটা কী করে হলো! সারা রাত ঘুমাতে পারিনি। ছবির মতো পুরোনো সব স্মৃতি চোখের সামনে ভাসছিল। ‘দুই ভাই’ ছবির শুটিং, আমাদের একসঙ্গে কাটানো সময়, সেই হাসি-আড্ডা—সব মনে পড়ছিল।

আমার মনে হয়েছে, সত্যিকারের একজন বড় বোনকে হারালাম। নাসিমা আপার সঙ্গে আমার সম্পর্কটা খুব মধুর ছিল। তাঁর মতো একজন ভালো মানুষ ও গুণী শিল্পীর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর সেই ভালোবাসা, আন্তরিকতা, হাসি আর কখনো পাব না। আমার নিজের বড় বোন ছিল না, কিন্তু নাসিমা আপাকে আমি বড় বোনের মতোই পেয়েছিলাম। আজ তাঁকে হারিয়ে মনে হচ্ছে বড় বোনকে চিরদিনের জন্য হারালাম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »