● ●


সালমান বাদ, দুই দিনে বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ল ১৪%
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সালমান বাদ, দুই দিনে বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ল ১৪%

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পর্ষদ থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। গত মঙ্গলবার সালমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কোম্পানি দুটির পর্ষদ পুনর্গঠন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর তাতে শেয়ারবাজারে কোম্পানি দুটির শেয়ারের দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই দিনে কোম্পানি দুটির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম গতকাল বুধবার বেড়েছে ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি। আর আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে এটির শেয়ারের দাম ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে। তাতে গত দুই দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ টাকা বা ১৪ শতাংশের বেশি।

একই অবস্থা শাইনপুকুর সিরামিকসের শেয়ারেরও। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় সাড়ে ৪ শতাংশ বা ৯০ পয়সা। আর আজ লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দাম বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। তাতে গত দুই দিনে কোম্পানিটির শেয়ারের দামও ৩ টাকা বা প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

শুধু মূল্যবৃদ্ধি নয়, সালমান এফ রহমানের বাদ পড়ার খবরে আজ কোম্পানি দুটির শেয়ার ঢাকার বাজারে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে। এর মধ্যে আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। দুপুর ১২টা পর্যন্ত কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে। আর এদিন লেনদেনের সপ্তম অবস্থানে ছিল শাইনপুকুর সিরামিকস। দুপুর ১২টা পর্যন্ত কোম্পানিটির প্রায় ৭ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি থেকে সালমান এফ রহমানের বাদ পড়ার খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্য কিছুটা আশার সঞ্চার হয়েছে। এ কারণে কোম্পানি দুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের আগে গত ২৯ সেপ্টেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত এই গ্রুপের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। তাতে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি থেকেই বাদ পড়েছেন সালমান এফ রহমান।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবার নিজ প্রতিষ্ঠান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ পড়লেন। বর্তমানে সালমান এফ রহমান কারাগারে রয়েছেন। বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে বাদ পড়ার আগে গত বছরের জুলাইয়ে সালমান এফ রহমানকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করে বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন, যাতে তাঁর কারণে কোম্পানিটির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়। তারই আলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি থেকে তাঁকে বাদ দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়; যদিও পুনর্গঠিত পর্ষদে সালমান–ঘনিষ্ঠরাই রয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »