● ●


মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আসে

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ রোববার বাগেরহাটের নতুন পুলিশ লাইনে আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে এ কথা জানান পারভীন আক্তার। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইজিপি একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন।

কমিউনিটি পুলিশিং সমাবেশে অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, কলেজে মাদকের বিস্তারের বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর পর তাদের নিয়ে কলেজের কিছু চিহ্নিত জায়গা পরিদর্শন এবং মাদকের বিরুদ্ধে সব শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

.

হল থেকে বহিষ্কার করার পরও আবার রাতে হলে এসে মাদক সেবন করছে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ বলেন, ‘এই পূজার ছুটিতে আমার কাছে কয়েকটা ফোন আসে। ওরা (মাদকের সঙ্গে জড়িত শিক্ষার্থী) নাকি কলেজের পুকুরের মাছ চুরি করেছে। সকালে আমি হল সুপারকে বললাম, এক কাজ করেন, হল থেকে ওদের সিটটা বাতিল করে দেন অথবা মৌখিকভাবে আগে তাদের সতর্ক করেন। তারপর তাদের সিটটা বাতিল করে দেন।’

পারভীন আক্তার বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে ওরা (মাদকের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা) নাকি হুমকি দিয়ে বলেছে যে আগের প্রিন্সিপালকে তো এভাবে ফাঁসিয়েছি। এই প্রিন্সিপাল ম্যাডাম যদি ও রকম (ব্যবস্থা নেয়) করে, ওনাকেও আমরা ফাঁসাব।’

কলেজ অধ্যক্ষ বলেন, ‘আমি প্রশাসনের সবাইকে জানিয়ে রাখছি যে আমরা কি ওদের সাথে পারব? আর খুব ভয় হয়! আমরা কিসের মধ্যে আছি? মাদক, সন্ত্রাস! …আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি কলেজটাকে মাদকমুক্ত করতে।’

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান পারভীন আক্তার। তিনি বলেন, অভিভাবক তাঁর সন্তান সম্পর্কে ভালো জানেন—তাঁদের সন্তান ভালো আছে নাকি নষ্ট হয়ে যচ্ছে।

.

কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘গত দুই মাসে আমি ২৭ জন পুলিশ অফিসারকে, পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছি এই মাদকের কারণে। আপনারা আর কী চান? আগে ঘর পরিষ্কার হোক, তারপর আপনারা পরিষ্কার হবেন।’

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, মাদক নির্মূল, জনবল ও যানবাহনের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। যারা বাহিনীকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, ‘প্রতিটা জায়গায় ষড়যন্ত্র। আমি বুঝি, আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী এসেই বলেছেন, প্ল্যান। এটার ভেতরে আপনারা ষড়যন্ত্র খোঁজেন কেন? তিনি কোন কাজটা খারাপ করছেন?’

.

আইজিপি বলেন, ‘ব্যাংক শূন্য, সবকিছু শূন্য। তারপর আবার বলেন, ওনারাই ফেরেশতা। আর এখন যারা আমরা আছি, আমরা সব খারাপ লোক।’ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের সঙ্গে আঁতাতকারীরা দেশপ্রেমিক হতে পারে না।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীলসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »