● ●


লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্কড়ঝক্কড় বাসে শুধু ‘স্টিকার’ বদল, বাকি সব আগের মতো

‘কোম্পানি এখনো কিছুই দেয়নি। কোনো টিকিট হয়নি, তারা দিলে আমরা টিকিট দিয়ে যাত্রী নেব। আমরা চাই, নতুন ব্যবস্থা ভালোভাবে কার্যকর করা হোক।’

কথাগুলো বলছিলেন পিপিবি নামের সদ্য গঠিত নতুন বাস কোম্পানির এক বাসচালকের সহকারী বিল্লাল হোসেন। এই বাসের আগের নাম ছিল পরিস্থান পরিবহন। রোববার থেকে বাসটির ওপর নতুন স্টিকার সাঁটানো হয়েছে।

রাজধানীর আবদুল্লাহপুর বা ধউর থেকে ঘাটারচর রুটে চলাচলের জন্য ঢাকা শহরের পূর্বাংশে চলাচলের জন্য গঠিত হয়েছে প্রজাপতি, পরিস্থান ও বিকাশ পরিবহনের সমন্বয়ে গঠিত নতুন এই বাস কোম্পানি—পিপিবি পরিবহন। বাস রুট রেশনালাইজেশন (কোম্পানিভিত্তিক বাস–সেবা) উদ্যোগের আওতায় গঠিত ছয়টি রুটের একটিতে চলাচল করা এই বাসগুলোর নতুন নিয়ম মানার কথা। তবে বাসের স্টিকার বা নাম পরিবর্তন ছাড়া আর কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি।

.

সরেজমিনে আজ সোমবার দুপুর থেকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে, পিপিবি পরিবহনের কয়েকটি বাসের গায়ে নতুন স্টিকার সাঁটানো হয়েছে। তবে এর নিচে আগের নাম প্রজাপতি কিংবা পরিস্থান লেখাও পড়া যাচ্ছে। বাসগুলোর অবস্থা আগের মতোই লক্কড়ঝক্কড়।

.

নতুন নিয়মে নির্দিষ্ট কাউন্টার বা টিকিট বিক্রয়কেন্দ্র থেকে যাত্রী ওঠানো ও নামানোর কথা। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যত্রতত্রই যাত্রী ওঠানো–নামানো করছিল বাসগুলো।

বেলা আড়াইটার দিকে বিমানবন্দর এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় কয়েকটি বাসকে। এর মধ্যে পিপিবির একটি বাসের চালকের সহকারী ‘মিরপুর’, ‘মিরপুর’ বলে যাত্রীদের ডাকছিলেন। এলাকাটিতে বাসের টিকিট কাটার কোনো বুথ বা কাউন্টার দেখা যায়নি। সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা থাকায় বাসগুলো অবশ্য বেশি সময় দাঁড়াতে পারেনি।

.

বিমানবন্দরের পর কাওলা, লো মেরিডিয়ান, খিলক্ষেত, কুড়িল, শেওড়া, কুর্মিটোলা, র‍্যাডিসন ব্লু পর্যন্ত পুরো সড়কেই যাত্রী ওঠানো–নামানো করেছে বাসটি। খিলক্ষেতে আসার পর বাসের সব আসন পূর্ণ হয়। কুড়িল সিগন্যালে বাসটিতে যাঁরা ওঠেন, তাঁরা দাঁড়িয়ে থাকেন। র‍্যাডিসন ব্লু-সংলগ্ন এলাকা থেকে বাসটি কালশী যাওয়ার ফ্লাইওভারে ওঠে।

ফ্লাইওভারে ওঠার পর ভাড়া নিতে আসেন বাসটির চালকের সহকারী। তাঁকে নতুন ব্যবস্থায় টিকিটের কথা জিজ্ঞেস করলে বলেন, ‘কোম্পানি না দিলে আমরা কী করব। আমাদের তো কিছু করার নেই। টিকিট চালু হলে আমরাও টিকিটে যাত্রী নেব।’

মিরপুরগামী বাসটি কালশী ফ্লাইওভার থেকে নামার পর পল্লবী পর্যন্ত আসার পথে যেখানেই যাত্রী পেয়েছে, সেখানেই থেমেছে, যাত্রী ওঠানো–নামানো করেছে। এই সড়কের কোথাও কোনো টিকিট কাউন্টার বা টিকিট সংগ্রহের বুথ দেখা যায়নি। অথচ রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে বাসগুলোর নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী ওঠানামা করানোর কথা।

.

আজ বিকেলে পল্লবীতে পিপিবি পরিবহনের পরপর চারটি বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। এর মধ্যে দুটিতে নতুন স্টিকার দেখা গেছে। বাকি দুটির একটিতে ছিল ‘প্রজাপতি’ ও অন্যটিতে ‘পরিস্থান’ লেখা।

.

একই অবস্থা দেখা গেছে, গাজীপুরের শিববাড়ী থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির রুটে চলাচল করা ভিআইপি পরিবহনের ক্ষেত্রেও। এই কোম্পানির বাসগুলোও চলছে আগের মতোই। বিমানবন্দর হয়ে ফার্মগেট এলাকা পর্যন্ত কোনো টিকিট কাউন্টার চোখে পড়েনি। যাত্রীদের ওঠানো–নামানো হয় মূল সড়কেই। ফার্মগেট এলাকায় যাত্রীদের নামানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার পরপরই, মূল সড়কে।

শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করার কথা ভিআইপি পরিবহন নামের এই বাস কোম্পানির। কোম্পানিটি দীর্ঘদিন ধরে বাস চালাচ্ছে। পুরোনো রুটে নতুন ব্যবস্থায় তাদের চলার কথা।

.

ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দূরত্বের এই নতুন রুটে ১৯০টি বাস পরিচালনা করবে পিপিবি সিটি সার্ভিস। এতে প্রজাপতি ও পরিস্থান পরিবহনের কিছু বাস স্টিকার পরিবর্তন হলেও গতকাল পর্যন্ত বিকাশ পরিবহনের কোনো বাস যুক্ত হয়নি।

এই রুটের একজন লাইনম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সবকিছুতে তাড়াহুড়ো হয়েছে। এখনই কিছু হবে না। নতুন ব্যবস্থা ভালো। কিন্তু আমরা তো এখনো কিছুই পাইনি।’

.নতুন ব্যবস্থায় প্রথম দিন কেমন চলল বাস.

রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে রোববার থেকে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়। প্রাথমিকভাবে এসব রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে শুধু নন-এসি বাস। দুটি রুটে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি বাস চালানো হবে।

উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। সংস্থাটির সূত্র জানিয়েছে, শুরুতে পুরোনো বাস দিয়েই এই সেবার যাত্রা শুরু হবে। বাসগুলো রং করে নামানো হচ্ছে। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ছয়টি কোম্পানিকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »