
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১: ৪৩
রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। শতভাগ দেশীয় পণ্য নিয়ে সাত দিনের এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কেউ তৈরি করে এনেছেন রাঙামাটির ঐতিহ্যবাহী গহনা, কেউ দেশীয় কাঁচামালে বানাচ্ছেন স্বাস্থ্য ও রূপচর্চার উপকরণ, কেউ পাটের সোনালি আঁশ, মাটি, পিতল বা বাঁশ-বেত দিয়ে তৈরি করা ঘর সাজানোর সামগ্রী দিয়ে সাজিয়েছেন স্টল। এসব পণ্য আবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছাচ্ছেন। পণ্যের ধরন আলাদা, কিন্তু উদ্যোক্তাদের লক্ষ্য এক—দেশীয় উপকরণ ও নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাজার তৈরি করা।
মেলা ঘুরে দেখা যায়, দেশীয় ঐতিহ্য, স্থানীয় কাঁচামাল ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পণ্য। মেলাকে শুধু পণ্য বিক্রি নয়, নিজেদের উদ্যোগের পরিচিতি বাড়ানো, ক্রেতা খুঁজে পাওয়া এবং নতুন বাজার তৈরির সুযোগ হিসেবেও দেখছেন উদ্যোক্তারা।
গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করেন। এরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিকে সংখ্যায় কম হলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ আবার প্রিয়জনকে নিয়ে। অনেকে আবার একাই এসেছেন। তাদের লক্ষ্য আজ পছন্দ হলে কিনবেন অথবা ফিরে এসে কিনবেন।
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন
মেলায় রাঙামাটির ঐতিহ্যবাহী পণ্য নিয়ে অংশ নিয়েছেন উদ্যোক্তা রিতেশা চাকমা। পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী উপকরণ ও নকশাকে নতুনভাবে উপস্থাপন করাই তার কাজের বিশেষত্ব। রাঙামাটি থেকে বিভিন্ন পণ্য ঢাকায় এনে সেগুলোতে নতুন নকশা ও উপকরণের সমন্বয় করেন তিনি। সিল্কের চুড়িসহ কিছু পণ্য রাঙামাটি থেকে সংগ্রহ করা হয়। আবার কিছু গহনায় রাঙামাটির ঐতিহ্যবাহী উপকরণের সঙ্গে ঢাকার উপকরণ যুক্ত করেন।
রিতেশার কাজের ধরন সম্পর্কে জানা যায়, ঐতিহ্যবাহী নকশাকে হুবহু ধরে রাখার পাশাপাশি আধুনিকতার সঙ্গে মিশিয়ে নতুন পণ্য তৈরি করেন তিনি। এতে একদিকে পাহাড়ি সংস্কৃতির পরিচয় থাকছে, অন্যদিকে ক্রেতাদের রুচি ও পছন্দের সঙ্গে মিলিয়ে পণ্য সাজানোর সুযোগ তৈরি হচ্ছে।
দেশীয় ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার এমন উদ্যোগের পাশাপাশি মেলায় রয়েছে প্রাকৃতিক উপকরণে তৈরি স্বাস্থ্য ও রূপচর্চার সামগ্রী। চট্টগ্রামের তিন বন্ধু খালিদ হোসাইন অয়ন, আরিফুর রহমান ও নিশাদের উদ্যোগ দীঘল ও আঁচারী শুরু হয়েছিল প্রায় দেড় লাখ টাকা দিয়ে। এখন বছরে তারা প্রায় এক কোটি টাকার পণ্য বিক্রি করেন।
দীঘলে রয়েছে বিভিন্ন ধরনের কোল্ড প্রেসড ও এসেনশিয়াল অয়েল, হারবাল হেয়ার অয়েল, হেয়ার প্যাক, মেহেদি গুঁড়া, কাঠের চিরুনি, নারিকেল, তিল, তিসি, কালোজিরা ও মেথিসহ বিভিন্ন উপাদানের তেল। তাদের কাঠের চিরুনিই রয়েছে প্রায় ৩০ ধরনের। কিছু পণ্য নিজেরা তৈরি করেন, আবার বাংলাদেশে পাওয়া যায় না—এমন কাঠের উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করেন তারা।
অন্যদিকে, ‘আঁচারী’তে রয়েছে বিভিন্ন ধরনের আচার ও খাবার। কাঁচা তেঁতুলের মোরব্বা, বালাচাওসহ প্রায় ৩২ ধরনের আচার ও খাবার রয়েছে তাদের সংগ্রহে। অয়নের দাবি, তাদের বালাচাও তেল ছাড়া তৈরি করা হয়। ক্রেতাদের পণ্য চেখে দেখার সুযোগও দেন তারা। মেলায় বিনামূল্যে দর্শনার্থীদের খাওয়ানোর উদ্দেশ্য সম্পর্কে অয়ন বলেন, ক্রেতারা স্বাদ ও মান যাচাই করে পছন্দ করলে পরে ওয়েবসাইট থেকে সহজেই অর্ডার করতে পারবেন।
তিন বন্ধুর এ উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকায় মিলিয়ে নিয়মিত সাত-আটজন করে কাজ করেন। মেলা বা বিশেষ সময়ে দুই-তিনজন কর্মী কাজে যুক্ত করতে হয়। আউটলেটের পাশাপাশি অনলাইন থেকেও ক্রেতারা অর্ডার করতে পারবেন বলেন জানান অয়ন।
উদ্যোক্তা হওয়ার গল্পে বড় বিনিয়োগ সব সময় মুখ্য নয়। মীর তাসমিয়ার ব্যবসা শুরুর গল্প তারই উদাহরণ। ২০১৬ সালের ডিসেম্বরে মাত্র ২,৫০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। শুরুতে অল্প পরিমাণে রসুনের আচার, মুড়ি ও নাড়ুসহ কয়েক ধরনের পণ্য তৈরি করতেন। সময়ের সঙ্গে পণ্যের সংখ্যা ও ব্যবসার পরিধি বেড়েছে। বর্তমানে তার ব্যবসার আকার দুই লাখে ঠেকেছে।
তাসমিয়ার পণ্যের তালিকায় রয়েছে রসুন, জলপাই, আম, তেঁতুল, বড়ই, আলুবোখারা ও বোম্বাই মরিচের আচার, চিংড়ি মাছের বালাচাও, নারিকেল ও তিলের নাড়ু, কফি নাট, ঘি, আমসত্ত্ব, কালোজিরা, তিল, নারিকেল ও সরিষার তেল। এছাড়া ঢেঁকিছাঁটা লাল চাল, লাল চিড়া, জবের ছাতু, মাষকলাই ডালের গুঁড়া, লাল আটা, চালের গুঁড়া ইত্যাদি পণ্য তৈরি করেন তিনি।
একসময় ধানমন্ডির জয়িতা ফাউন্ডেশনে তার পণ্য বিক্রির দোকান ছিল। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর এখন বাসা থেকেই ব্যবসা পরিচালনা করছেন। পরিচিত ক্রেতারা বাসা থেকে পণ্য সংগ্রহ করেন, আবার প্রয়োজন অনুযায়ী পাঠাও বা কুরিয়ারে পণ্য পাঠান। মাসভেদে তার বিক্রি ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে ওঠানামা করে। অনলাইনে প্রচার ও বিক্রির সুযোগ থাকলেও সীমিত জনবল এবং সময়ের অভাবে এখনো সে পথে পুরোপুরি যেতে পারেননি তিনি।
শত শত নারীর কর্মসংস্থানে দেশীয় পণ্য
নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে দেশীয় পণ্য উৎপাদনে ভূমিকা রাখছে ‘অঙ্গশ্রী’। উদ্যোক্তা শিখার এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু ২০১৪ সালে। প্রথম দিকে পাইকারি ব্যবসা করতেন তিনি। পরে দুটি বিক্রয়কেন্দ্র চালু করেছেন। তার প্রতিষ্ঠানে গ্রামীণ ও প্রান্তিক নারীদের হাতে তৈরি পোশাক ও হোম ডেকোর পণ্য পাওয়া যায়।
শিখা জানান, গ্রামের প্রায় ৪৫০ জন নারী তাদের ঘরে বসে নিয়মিত কাজ করেন। তাদের দিয়ে কাপড়ে ছাপা, সুতা দিয়ে সেলাইসহ বিভিন্ন ধরনের কাজ করানো হয়। এছাড়া কারখানা ও শোরুম মিলিয়ে ১৫ জন কর্মী রয়েছেন। তার পণ্যের মধ্যে রয়েছে নারীদের পোশাক, মাটির ও পিতলের অলংকার, বাঁশ-বেতের ঘর সাজানোর সামগ্রী এবং রিকশা পেইন্টের নকশায় তৈরি পণ্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ছাত্রী হওয়ায় নিজের পণ্যে লোকজ মোটিফ ও ঐতিহ্যের ছাপ রাখতে চান শিখা। তবে বাজারে টিকে থাকতে ক্রেতাদের সামর্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখেন। তাই ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে দৈনন্দিন ব্যবহারের উপযোগী স্লাব কটনের পোশাকও তৈরি করেন। টাঙ্গাইলের তাঁতিদের কাছ থেকে নিজেদের নকশায় তাঁতের শাড়ি তৈরি করিয়ে এনে তার ওপর নানা ধরনের নকশা করেন। তার প্রতিষ্ঠানের কারখানা ও শোরুমে কাজ করা কর্মীদের সবাই নারী এবং তাদের অনেকেই শিক্ষার্থী।
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের গল্পে যেমন নতুন পণ্য উদ্ভাবন, কর্মসংস্থান ও বাজার সম্প্রসারণের চিত্র রয়েছে, তেমনি আছে বিক্রি কমে যাওয়া, সীমিত পুঁজি, জনবল সংকট এবং বিপণনের সীমাবদ্ধতা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন