নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।সোমবার বিকেলে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।নিহত নুহা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে পার্শ্ববর্তী সদর উপজেলার মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।নিহতের মেজ জেঠা আলতাফ হোসেন জানান, সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় নুহা। দুপুরে বাড়িতে এসে খাবার খেয়ে সে আবার মাদরাসায় চলে যায়। এরপর বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন বা হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের আলামত পাওয়া যায়নি। শিশুটির মুখে পিঁপড়া দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে সে হয়তো মিষ্টি জাতীয় কিছু খেয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এদিকে মঙ্গলবার মাগরিবের নামাজের পর শিশুটির জানাজা শেষে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।