
সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ব্যাংক হিসাব জব্দের কারণে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলনসহ দৈনন্দিন জীবনযাপন নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এই সাবেক সংসদ সদস্য।মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁর ব্যাংকে যাওয়া হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে জানতে পারেন, হিসাব থেকে টাকা তোলা যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তাঁর হাতে একটি চিঠি ধরিয়ে দেন।তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তাঁর, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।ব্যাংক হিসাব জব্দের ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমি এখন খাব কী? চলব কী করে? সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে। আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে? আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?’তিনি আরো বলেন, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান সাবেক এই সংসদ সদস্য।