
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে চূড়ান্তভাবে চারটি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট জুরি বোর্ডের তিন স্তরের মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে দেশ-বিদেশ থেকে জমা পড়া ১৭১টি প্রস্তাবের মধ্য থেকে এই চারটিকে চূড়ান্ত করা হয়। নির্বাচিত গবেষকেরা প্রত্যেকে তিন লাখ টাকা করে গবেষণা বৃত্তি পাবেন। ছয় মাসের মধ্যে তাঁদের এই গবেষণা সম্পন্ন করতে হবে।
পিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত গবেষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী তাশাহুদ আহমেদ রাফিম ও মুহাম্মদ মুযযাম্মিল হক, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজমের সহযোগী অধ্যাপক নাঈমুল হাসান এবং দৃক ট্রাস্টের গবেষক মীর হুজাইফা আল মামদূহ।
নির্বাচিত গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে তাশাহুদ আহমেদ রাফিমের ‘আন্তর্জাতিক পরিসরে জুলাই গণ–অভ্যুত্থানের চিত্রায়ণ: দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ’ এবং অধ্যাপক নাঈমুল হাসানের ‘বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা: একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)’। এ ছাড়া মীর হুজাইফা আল মামদূহ গবেষণা করবেন ‘টিকটক ও ডিজিটাল শ্রেণিগত বিভাজন: প্রান্তিকতার অভিজ্ঞতা’ নিয়ে এবং মুহাম্মদ মুযযাম্মিল হকের গবেষণার বিষয় ‘সংকটকালীন তথ্যপ্রবাহ ও ডিজিটাল অ্যাকটিভিজম: ২০২৪-এর জুলাই গণ–অভ্যুত্থানে নিউ মিডিয়ার ব্যবহার ও বাস্তবতা’।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিবর্তনশীল গণমাধ্যম, সাংবাদিকতা, ভুয়া তথ্য, অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য (মিস ও ডিজ-ইনফরমেশন), ডিজিটাল সাংবাদিকতা, গণমাধ্যম ও ইতিহাসের বয়ান এবং গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মতো সমসাময়িক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ২০২৫ সালের ২৬ আগস্ট দেশের চারটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছিল।
পিআইবির একজন প্রতিনিধি ও দুটি বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড তিন ধাপে এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করে। ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে জমা পড়া ১৭১টি প্রস্তাব থেকে বিষয়বস্তু ও কাঠামোর ভিত্তিতে ৬০টি প্রস্তাব বাছাই করা হয়। দ্বিতীয় ধাপে মান যাচাইয়ের পর রাখা হয় ২১টি প্রস্তাব। শেষ ধাপে সেখান থেকে ১২টি প্রস্তাবের সংক্ষিপ্ত তালিকা করে গবেষকদের সাক্ষাৎকার ও উপস্থাপনা মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত এই চারটি বিষয় নির্বাচন করা হয়।
পিআইবি জানিয়েছে, অতিথি গবেষণা কার্যক্রমে পাঁচটি প্রস্তাব নেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও মানগত কারণে চারটির বেশি চূড়ান্ত করা সম্ভব হয়নি। নির্বাচিত গবেষকদের শিগগিরই বৃত্তির প্রথম কিস্তির অর্থ প্রদান করা হবে এবং গবেষণার সুবিধার্থে প্রত্যেক গবেষককে একজন করে তত্ত্বাবধায়কের (সুপারভাইজার) সঙ্গে যুক্ত করা হবে।