
সেপ্টেম্বর মাসেই বাগ্দান ভাঙার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। এক মাসও না যেতেই জানা গেল, আবার একসঙ্গে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আকৃতির ভাষ্য, কাছের মানুষদের মতামতে প্রভাবিত হয়েই সম্পর্ক নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সম্পর্ক ভাঙার ঘোষণা দেওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে গেছে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকলেন না ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। বাগ্দান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই আবার একসঙ্গে হওয়ার কথা জানালেন আকৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি স্বীকার করেছেন, তাঁদের সম্পর্ক নিয়ে কাছের মানুষদের মতামত তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। পরে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
১২ অক্টোবর ইনস্টাগ্রামে ‘আ পারসোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি শুধু সম্পর্ক জোড়া লাগানোর খবরই দেননি, বাগ্দান ভাঙার সিদ্ধান্তের দায়ও নিজের কাঁধে নিয়েছেন। আকৃতির ওই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন পৃথ্বীও। দুজনের এই পদক্ষেপের পর তাঁদের সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
‘ভুল পথে পরিচালিত হয়েছিলাম’আকৃতির বিবৃতিতে লিখেছেন, বাগ্দান ভাঙার সময় কাছের কিছু মানুষের মতামত তাঁদের সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। তাঁর ভাষায়, ওই মানুষদের মনে হয়েছিল, তাঁরা দুজনের সম্পর্ক সম্পর্কে তাঁদের চেয়েও বেশি জানেন। সেই ধারণায় প্রভাবিত হয়েই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন।
আকৃতি লেখেন, ‘আমাদের বাগ্দান ভাঙার সময় আমি কাছের কিছু মানুষের মতামতকে প্রভাব বিস্তার করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা আমাদের সম্পর্ক সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানেন। তাঁদের কথায় আমার বাগ্দত্তা ও আমাদের সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমার মনে হয়, আমি ভুল পথে পরিচালিত হয়েছিলাম। আমাদের যে সৎ আলোচনাটা করা প্রয়োজন ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’
এরপর নিজের সিদ্ধান্তের কারণে যে কষ্ট তৈরি হয়েছিল, তার দায়ও স্বীকার করেন আকৃতি। তিনি জানান, পরে তাঁরা নিজেদের মধ্যে খোলামেলা কথা বলেছেন, একে অপরকে বোঝার চেষ্টা করেছেন। সেই আলোচনার পরই আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আকৃতির কথায়, ‘আমি ওই সিদ্ধান্তের এবং এর কারণে যে কষ্ট হয়েছে, তার দায় নিচ্ছি। এরপর আমরা খোলামেলা কথা বলেছি, একে অপরকে বুঝেছি এবং আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে থাকলে একে অপরের জন্য যথেষ্ট; আমাদের
অন্য কারও প্রয়োজন নেই।’বিবৃতির শেষে ভবিষ্যৎ নিয়ে নিজেদের বোঝাপড়া, বিশ্বাস ও ভালোবাসাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন আকৃতি। পাশাপাশি তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানাতে এবং ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
মার্চে বাগ্দান, সেপ্টেম্বরে বিচ্ছেদপৃথ্বী ও আকৃতির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে তাঁদের বাগ্দানের ঘোষণার মধ্য দিয়ে। ২০২৬ সালের ৮ মার্চ বাগ্দানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন পৃথ্বী। ছবিগুলোতে তাঁকে আকৃতির আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায়। এক ছবিতে দুজনকে আংটি দেখাতেও দেখা যায়। ছবির সঙ্গে পৃথ্বী লিখেছিলেন, মাঠে ছক্কা মারার পর এবার জীবনের দীর্ঘ ইনিংসের পালা—আকৃতিই তাঁর ‘পারফেক্ট ইনিংস’।
ক্রিকেট মাঠের বাইরের এই রোমান্টিক ঘোষণা দ্রুতই আলোচনায় আসে। কিন্তু সেই আনন্দের খবরের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।১৭ সেপ্টেম্বর আকৃতি ইনস্টাগ্রামে জানান, তাঁরা বাগ্দান ভেঙে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে তাঁদের লক্ষ্য ও পরিস্থিতির মধ্যে পার্থক্য ছিল। একে অপরের প্রতি ভালোবাসা ও যত্ন থাকা সত্ত্বেও তাঁরা বুঝতে পেরেছিলেন, তাঁদের পথ হয়তো এক নয়। দায়িত্ব ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুজনের সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিচ্ছেদের ঘোষণার সময় আকৃতি ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান না করার অনুরোধও করেছিলেন। তিনি লিখেছিলেন, এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো হোক। কেন সম্পর্ক ভাঙল, তা নিয়ে নানা ধারণা বা জল্পনা না ছড়ানোরও আহ্বান জানান তিনি।
সেই বক্তব্যে ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্যের কথা উঠে এলেও বিস্তারিত কিছু জানাননি আকৃতি। পৃথ্বীও তখন প্রকাশ্যে বিচ্ছেদের কারণ নিয়ে আলাদা কোনো বক্তব্য দেননি। ফলে সম্পর্ক ভাঙার পেছনে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
প্রতারণার গুঞ্জন, পরে ব্যাখ্যাবাগ্দান ভাঙার আগেও তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। জুলাইয়ে আকৃতির একটি রহস্যময় পোস্টকে কেন্দ্র করে পৃথ্বীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পোস্টে প্রতারণার প্রসঙ্গ থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন, সেটি পৃথ্বীকে উদ্দেশ করেই লেখা। তাঁদের বাগ্দান ভেঙে গেছে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।
তবে তখনই আকৃতি বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে জানিয়েছিলেন, তাঁরা বাগ্দান ভাঙেননি। তাঁর পোস্টকে পৃথ্বীর সঙ্গে সম্পর্কের সরাসরি যোগসূত্র ধরে নেওয়া ঠিক নয় বলেও স্পষ্ট করেছিলেন তিনি। অর্থাৎ জুলাইয়ের সেই পোস্টকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছিল, তা থেকে তাঁদের সম্পর্কের প্রকৃত অবস্থা নিশ্চিতভাবে বোঝা সম্ভব ছিল না।
সেপ্টেম্বরে বাগ্দান ভাঙার ঘোষণার পর পুরোনো পোস্টটি আবার আলোচনায় আসে। তবে আকৃতি বা পৃথ্বী কেউই তাঁদের বিচ্ছেদের সঙ্গে ওই পোস্টের সরাসরি সম্পর্ক আছে বলে নিশ্চিত করেননি। তাঁদের সাম্প্রতিক বিবৃতিতেও কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিকে দায়ী করা হয়নি। আকৃতি কেবল বলেছেন, কাছের মানুষদের মতামত তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে