
একসঙ্গে ১০ বছর পরে দেখা। মুহূর্তেই জমে উঠেছে আড্ডা। সিনেমা নিয়ে এই আড্ডার মাঝেই মন খরাপ করে দিলেন প্রয়াত অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান, পারভিন সুলতানা দিতি, সায়েমরা। কারণ, তাঁরাও ছিলেন এই সিনেমার অভিনয়শিল্পী। প্রয়াত এই অভিনয়শিল্পীরা এ আড্ডায় কিছুটা সময়ের জন্য প্রাণ হয়ে ওঠেন।
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ‘আইসক্রিম’ সিনেমা। সিনেমাটির মুক্তি ও এর পরিচালক, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির জন্মদিনে এক হয়েছিলেন তারকা ও কলাকুশলীরা। ছিলেন সিনেমার প্রধান তিন মুখ শরীফুল রাজ, কুমার উদয় ও নাজিফা তুষি। এ ছাড়া রায়হান রাফী, শাহরিয়ার শাকিলসহ অনেকেই এসেছিলেন আড্ডায়।
.
অভিনেতা শরীফুল রাজ প্রথম আলোকে বলেন, ‘সেই আড্ডায় ১০ বছর আগের সেই সময়কে খুবই মিস করেছি। যখন আমার তেমন কোনো পরিচিতি ছিল না। সিনেমায় আমি নতুন। অনেক মজা করে আমরা সিনেমার শুটিং করেছিলাম। শুটিংয়ে প্রথম আমার এটিএম শামসুজ্জামানের সঙ্গে দেখা হয়, একসঙ্গে শুটিং হয়। তাঁর অনেক স্নেহ পেয়েছি। একই সঙ্গে দিতি ম্যাডামের সঙ্গে অনেক বিষয়ে কথা হতো। তাঁরা অভিজ্ঞতা থেকে অভিনয় ও ক্যারিয়ার নিয়ে পরামর্শ দিতেন। সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে তাঁদের চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে।’
.
অভিনেতা এটিএম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় মারা যান। অন্যদিকে সিনেমাটি মুক্তির আগেই মারা যান পারভীন সুলতানা দিতি। এই সিনেমায় অভিনয় করেন তরুণ মেধাবী অভিনেতা সায়েম সাদাত। তিনিও সিনেমা মুক্তির এক বছর আগে ২০১৫ সালের ১১ মে রাতে মারা যান। দিতি ও সায়েমকে সিনেমাটি উৎসর্গ করা হয়েছিল। ‘আইসক্রিম’ সিনেমায় তুষির দাদার চরিত্রে অভিনয় করেন এটিএম শামসুজ্জামান। অন্যদিকে মায়ের চরিত্রে অভিনয় করে দিতি।
.উদয় এখন কোথায়, কী করছেন.
অভিনেতা উদয় বললেন, ‘সিনেমায় এটিএম শামসুজ্জামান স্যারের সঙ্গে আমার বেশ কিছু দৃশ্য ছিল। এ সময় কীভাবে ডায়ালগ দিতে হবে, এক্সপ্রেশন দিতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে স্যার (এটিএম শামসুজ্জামান) বলতেন। সব সময় বলতেন, সততার সঙ্গে কাজ করে যেতে। তাঁরা তো অনেক গুণী শিল্পী ছিলেন। সিনেমায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। সেখানে তাঁদের সংস্পর্শে আসার সুযোগ মানেই অনেক বড় কিছু ছিল। আবার আমাদের বন্ধুর মতো ছিল সায়েম। তাঁর প্রয়াণও আমাদের ব্যথিত করেছে। সেগুলো নিয়েই সেদিন কথা হলো।’ এ সময় উদয় আরও বলেন, ‘মন খারাপ হলো একসঙ্গে, এই মনে হয় সেদিন শুটিং করলাম। এখন তাঁরা দুনিয়ায় নাই। আড্ডায় কিছু সময়ের জন্য আমাদের মন খারাপ হয়ে গেল।’