● ●


মণিপুরে একের পর এক হামলা–গোলাগুলি, গুলি ও শিরশ্ছেদ করে ৯ জনকে হত্যা, বাড়িঘরে আগুন
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মণিপুরে একের পর এক হামলা–গোলাগুলি, গুলি ও শিরশ্ছেদ করে ৯ জনকে হত্যা, বাড়িঘরে আগুন

ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি জেলাগুলোয় নতুন করে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় ১৪টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কথিত গোলাগুলির ঘটনায় কুকি নারী ডমখোনেই তোথাং নিহত হলে সহিংসতার সূত্রপাত হয়।

পুলিশের ভাষ্য, চাসাদ গ্রামে অবৈধ বাংকার উচ্ছেদ করতে মণিপুর পুলিশ, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় স্থানীয় নারীরা অভিযান ব্যাহত করার চেষ্টা করেন। তখন অজ্ঞাতপরিচয় হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী।

সেদিন রাতেই পরিস্থিতির আরও অবনতি ঘটে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়। নাগা ও কুকি সম্প্রদায়ের ১৪টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রগুলো বলেছে, চাসাদ গ্রামের স্বেচ্ছাসেবকদের গ্রেপ্তার ও আটকাদেশের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। কুকি উইমেন ইউনিয়নের দাবি, এ ঘটনায় ২৩ বছর বয়সী মাইকেল গামিনলেন হাওকিপ নামের এক তরুণও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নাগা বিদ্রোহীরা তাঁকে হত্যা করেছেন।

গতকাল শনিবার সকালে রাজ্যে আবার সহিংসতা শুরু হয়। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা চাসাদ থানায় আগুন দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ভোর পাঁচটার দিকে আবার গোলাগুলি শুরু হয়, যা চলে সকাল সাতটা পর্যন্ত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কামজং জেলা ম্যাজিস্ট্রেট থানার চারপাশের ৪০০ মিটার এলাকায় মানুষ জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

কামজং জেলার আরেকটি ঘটনায় দুই নাগা গ্রামরক্ষক নিহত হয়েছেন। তাঁদের নাম গাচানসো নিংশেন (৩০) ও লেইশিশান হুঙিয়ো (৫০)। দুজনই নিংচৌ গ্রামের বাসিন্দা। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে চাসাদের প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিংচৌ চিনডং গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি সূত্রগুলো বলেছে, সীমান্তের ওপার থেকে তৎপর সশস্ত্র গোষ্ঠীগুলো এতে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

এর আগে গতকাল ভোর পাঁচটার দিকে মাকুই গ্রামে এক হামলায় তিন নাগা গ্রামরক্ষক নিহত হন বলে খবর পাওয়া গেছে। তাঁদের ওপর কুকি সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তিরা হলেন মাচুংগাম্মাম, আজিনপৌ রিংকাংমাই ও রবার্ট।

গ্রামবাসীর অভিযোগ, নিহত ব্যক্তিদের মধ্যে আজিনপৌ রিংকাংমাইয়ের শিরশ্ছেদ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন লেখার সময়ও সেখানে গুলিবর্ষণ চলছিল। এ কারণে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

গতকাল সকাল ছয়টার দিকে কাংপোকপি জেলার তাপোন গ্রামেও হামলার ঘটনা ঘটে। মাকুই গ্রামের কাছে ইম্ফল-তামেংলং সড়কে সন্দেহভাজন সশস্ত্র কুকিদের অতর্কিত হামলায় এক নাগা গ্রাম স্বেচ্ছাসেবক নিহত এবং দুজন আহত হন বলে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম মাচুংওয়াংবৌ (৩৫)। তিনি থালোন গ্রামের বাসিন্দা। আহত দুজন হলেন নাহাসন (২৯) ও মাথাংগামবৌ (৩০)। ওই এলাকায় দুপুর পর্যন্ত গোলাগুলি চলেছে।

অন্যদিকে উখরুল জেলার কনজাং গ্রামের কাছে ২০২ নম্বর জাতীয় মহাসড়কে অতর্কিত হামলায় সন্দীপ রাই (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি সেনাপতি জেলার তাফৌ সেনাপতি নেপালি গ্রামের বাসিন্দা। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়িতে করে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা তাঁর ওপর হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »