বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এবার ক্লাব ফুটবলেও সাফল্যের নতুন অধ্যায় লিখলেন কেপ ভার্দের এই গোলরক্ষক। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো-কোলোর হয়ে জিতেছেন লিগ শিরোপা। ৪০ বছর বয়সে এটি তার পেশাদার ক্যারিয়ারের প্রথম ট্রফি।রোববার নুবলেনসেকে ২-১ গোলে হারিয়ে চিলির শীর্ষ লিগের শিরোপা নিশ্চিত করে কলো-কোলো। ম্যাচের শুরুতে আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় দলটি। ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফেরে নুবলেনসে। শেষ মুহূর্তে মার্কোস বোলাদোসের গোলে জয় নিশ্চিত হয় কলো-কোলোর। শিরোপা জয়ের পথে ভোজিনহার অবদানও ছিল গুরুত্বপূর্ণ। যোগ করা সময়ের ৯৭ মিনিটে তার অসাধারণ সেভ নুবলেনসেকে সমতায় ফেরার সুযোগ থেকে বঞ্চিত করে।এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে কলো-কোলো। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির চেয়ে ব্যবধান ১০ পয়েন্ট।২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক অভিষেকের অন্যতম নায়ক ছিলেন ভোজিনহা। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে প্রথম বিশ্বকাপ পয়েন্ট এনে দেন তিনি। পরে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষেও নজর কাড়েন। বিশ্বকাপের পর চিলির ক্লাব কলো-কোলোতে যোগ দেন এই অভিজ্ঞ গোলরক্ষক।শেষ বাঁশি বাজার পর ট্রফি হাতে নিয়ে ভোজিনহা বলেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারজুড়ে আমার যে অভিজ্ঞতা অর্জন করেছি, তারই চূড়ান্ত পরিণতি এটি।’ আগামী মৌসুমের কোপা লিবার্তাদোরেস মিশনে ক্লাবটির সঙ্গে থাকবেন কি না প্রশ্নে কেপ ভার্দের আন্তর্জাতিক তারকা বলেন, ‘আজ উদযাপনের দিন। পরে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এই শিরোপা আমার পুরো পরিবার ও কেপ ভার্দের জন্য।’