● ●


অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

প্রবেশমূল্য এক লাফে ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে অথচ বাড়েনি পর্যটকদের সুযোগ-সুবিধা, হয়নি কোনো অবকাঠামোগত উন্নয়ন। দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পার্কের বিভিন্ন স্থাপনা। তীব্র সংকট রয়েছে পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের। প্রতিবছর এই পার্ক থেকে সরকার প্রায় কোটি টাকার রাজস্ব আয় করলেও অব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধার ঘাটতিতে শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। এমন পরিস্থিতিতে দ্রুত পার্কের আধুনিকায়ন ও পর্যটকবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুরা।খোঁজ নিয়ে জানা যায়, ভারতের মেঘালয়ের পাহাড়ঘেঁষা নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় মধুটিলা ইকোপার্কের অবস্থান। ১৯৯৯ সালে বন বিভাগের উদ্যোগে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে পার্কের যাত্রা শুরু হয়। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটির প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন হয় ২০০৪ সালে। পরবর্তী সময়ে তৎকালীন হুইপ ও স্থানীয় সংসদ সদস্য জাহেদ আলী চৌধুরীর উদ্যোগে এখানে নির্মিত হয় আরো বিভিন্ন স্থাপনা।একসময় সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, পাহাড়ে ওঠার সিঁড়ি, আঁকাবাঁকা পাহাড়ি পথে চলাচলের ওয়াকওয়ে, শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা ও নিরাপত্তাকর্মীদের ব্যারাকসহ নানা স্থাপনা ও ভাস্কর্যে সমৃদ্ধ ছিল পার্কটি। এসব আকর্ষণে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেন প্রকৃতিপ্রেমীরা।২০০৪ সালের পর থেকে পার্কের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে আর কোনো উল্লেখযোগ্য উদ্যোগ চোখে পড়েনি। পরবর্তী সময়ে ঝুলন্ত সেতু ও ক্যাবল কার নির্মাণসহ নানা পরিকল্পনার কথা শোনা গেলেও সেগুলো আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন সংস্কারের অভাবে একসময়ের আকর্ষণীয় শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা পুরোপুরি বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থাপনার পলেস্তারা খসে ভেঙে পড়ছে, উঠে গেছে রং। অনেক স্থাপনা এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। পাশাপাশি পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে চরম ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা।এদিকে গত বছর পার্কের প্রবেশমূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এক লাফে ফি পাঁচগুণ বাড়ানো হলেও সেই অনুপাতে বাড়েনি সেবার মান। ফলে বাড়তি টাকা খরচ করেও প্রত্যাশিত পরিবেশ ও বিনোদনের ব্যবস্থা না পেয়ে হতাশ হচ্ছেন পর্যটকেরা। অনেকেই পার্কের বেহাল দশা দেখে ফটক থেকেই ফিরে যাচ্ছেন।দর্শনার্থীদের অভিযোগ, প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশের কারণে মধুটিলা ইকোপার্কের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো, পরিচ্ছন্নতা ও বিনোদন সুবিধার অভাবে দিন দিন আকর্ষণ হারাচ্ছে পার্কটি। প্রবেশমূল্য বাড়ানোর আগে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত ছিল বলে মনে করেন তারা।পার্কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, পার্কটির বিভিন্ন স্থাপনা সংস্কার ও উন্নয়নের জরুরি প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।উল্লেখ্য, গত ১০ অক্টোবর মধুটিলা ইকোপার্ক পরিদর্শন ও এক মতবিনিময় সভায় পার্কের আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »