
বালিতে দুর্ঘটনার পর মেরুদণ্ডে চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। অস্ত্রোপচারের পর এখন মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর জানালেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় গান দেখে মুখে হাসি ফুটেছে তাঁর।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন নুসরাত। সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশনে গান দেখছেন তিনি। শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জনপ্রিয় গান ‘গেরুয়া’ চলছিল টেলিভিশনে।
হাসপাতালের কর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও প্রিয় তারকাদের গান দেখে অভিনেত্রীর ঠোঁটে হালকা হাসি দেখা যায়। ভিডিওটির সঙ্গে নুসরাত লিখেছেন, ‘আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়। সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত।’ নুসরাতের এই পোস্টের পর তাঁর অনুরাগীরা স্বস্তি পেয়েছেন। কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী।
এর আগে ইনস্টাগ্রামে একটি ছবিও ভাগ করে নিয়েছিলেন নুসরাত। ছবিতে জানালার পাশে একটি হেলান দেওয়া হুইলচেয়ার দেখা যায়। জানালার বাইরে ছিল সূর্যাস্তের দৃশ্য। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছিলেন, ‘সারা জীবন সূর্যাস্তের পেছনে ছুটেছি। আর হঠাৎ করেই আমার দেখার দৃশ্যটা বদলে গেল। তবে বন্ধু, সিনেমার গল্প এখনো বাকি।’
কাজের সূত্রে ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মেরুদণ্ডে চিড় ধরায় প্রথমে বালির হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ে ফিরিয়ে এনে অস্ত্রোপচার করা হয়। আপাতত সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন অভিনেত্রীর।সম্প্রতি নুসরাতকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘উফ ইয়ে সিয়াপ্পা’ ছবিতে। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সোহম শাহ ও নোরা ফাতেহি। আপাতত কাজের চেয়ে সুস্থ হয়ে ওঠাই তাঁর প্রধান লক্ষ্য।