● ●


চাঁদাবাজদের কাছে জিম্মি খুলনার স্বাস্থ্যসেবা, প্রতিবাদে সমাবেশ ডেকেছে বিএমএ
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের কাছে জিম্মি খুলনার স্বাস্থ্যসেবা, প্রতিবাদে সমাবেশ ডেকেছে বিএমএ

খুলনায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সামনে এ কর্মসূচি পালিত হবে। সমাবেশ থেকে পুলিশ-প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হবে বলে তার জানান। এর মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান এবং পরবর্তী সময়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।এদিকে নগরীতে একের পর এক চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত ৭ নভেম্বর খানজাহান আলী রোডের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।এর আগে সন্ধানী ক্লিনিক, আবদুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার এবং চয়নিকা ফার্মেসিতে হামলা, চাঁদা দাবি ও হুমকির অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিরাপত্তাহীনতায় থানায় লিখিত অভিযোগ বা মামলা করতেও সাহস পাচ্ছেন না।খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, ‘সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।’তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে পুলিশ-প্রশাসনকে সাত দিনের সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও পরিস্থিতির পরিবর্তন না হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’সর্বশেষ হামলার শিকার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সোমবারও বন্ধ ছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. জাহিদ হাসান সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জানান, রোববার রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। পরে সোমবার সকালে কর্তৃপক্ষ তাকে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। হামলার ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষকে রোববার রাতে প্রতিষ্ঠান বন্ধ না রাখতে অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে কোনো প্রতিষ্ঠান বন্ধ রাখলে অপরাধীরা আরো উৎসাহিত হবে।ওসি আরো বলেন, নিউ অ্যাপোলোতে হামলার ঘটনায় নূর আজিমের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা জড়িত। শনিবার গভীর রাতে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রুপের ছয় সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তারা অ্যাপোলোতে হামলার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত না হলেও বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এর মধ্যে চয়নিকা ফার্মেসিতে চাঁদা দাবি, আকাশ কুন্ডু নামের এক দোকানিকে গুলি করা এবং ব্র্যাকের একটি এনজিও প্রতিষ্ঠানে চাঁদা দাবির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, নগরীর চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ইতিমধ্যে নূর আজিমের সন্ত্রাসী গ্রুপের কয়েকজন অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা পুলিশের কাছে এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন, তবে লিখিতভাবে কেউ অভিযোগ করেননি।সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদার দাবিতে হুমকির পর ১৩ দিন ধরে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে। ভয়ে প্রতিষ্ঠানটির মালিক ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারছেন না। এ ঘটনায় থানায় মামলাও করেননি তিনি।এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবু খান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে হামলা চালায় দুর্বৃত্তরা। চাঁদার দাবিতে চালানো এ হামলায় দুই চিকিৎসকের কক্ষ, কাউন্টার ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টির জন্য সেখানে গুলিও করা হয়। পরদিন দুপুরে একই মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে সশস্ত্র মহড়া দেয় দুর্বৃত্তরা। সেখানে উপস্থিত এক চিকিৎসকের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের আবদুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ক্যানসারের নমুনা সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রথমে জানা গেলেও পরে চাঁদার বিষয়টি সামনে আসে। ভাঙচুরের সময় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এসব ঘটনায় প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মামলা করা হয়নি।এ ছাড়া নগরীর আরো অনেক ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ মানসম্মান ও জীবনের নিরাপত্তার ভয়ে নীরবে চাঁদা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি। তবে সন্ধানী ক্লিনিকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলা্ন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে, রোববার খুলনা প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা হয় এ সমস্যার সমাধান করবেন, না হয় আত্মসমর্পণ করে চলে যাবেন। এর কোনো বিকল্প নেই।ধারাবাহিক এসব ঘটনায় নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।এমই




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »