
দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসার প্রধান ভরসাস্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)। সেবার মানোন্নয়ন ও রোগীর চাপ সামাল দিতে ২০০৮ সালে হাসপাতালটিকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। এতেও সংকটের চিত্র বদলায়নি। ৫০০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকেন ১,৮০০ থেকে ২,০০০ রোগী। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন আরো তিন থেকে চার হাজার মানুষ।খুলনা বিভাগের ১০ জেলা এবং গোপালগঞ্জ, পিরোজপুরসহ আশপাশের জেলা ও উপজেলার হাজারো মানুষ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন । তবে অনুমোদিত অধিকাংশ চিকিৎসক ও নার্স কর্মরত থাকলেও চিকিৎসাসেবা নিতে এসে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা।রোগীদের অভিযোগ, চিকিৎসকের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় যন্ত্রপাতি অচল থাকায় অনেক সময় পরীক্ষা-নিরীক্ষা করাতে ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। সরকারি অর্থে পরিচালিত এই হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। শুধু খুলনা নয়, আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসার আশায় এখানে এসে একই দুর্ভোগে পড়ছেন।এছাড়া জরুরি বিভাগ, সার্জারি ও প্রসূতি বিভাগে অপারেশনের সময় সেলাইয়ের সুতা, ভায়োডিন, ব্যথানাশক ইনজেকশন, অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। অথচ ভিক্রিল, প্রলিন, স্যালাইন, সিরিঞ্জ, আইভি ক্যানুলা, গ্লাভস এবং মেরোপেনেম ১ গ্রাম, সেফট্রিয়াক্সোন ১ গ্রাম ও কিটোরোলাকসহ গুরুত্বপূর্ণ ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরকারি সরবরাহে হাসপাতালে থাকার কথা।ভুক্তভোগীদের দাবি, জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলেই বাইরে থেকে ওষুধ ও সেলাইয়ের সামগ্রী কেনার স্লিপ ধরিয়ে দেওয়া হয়। বিশেষ করে দামি সেলাইয়ের সুতা কেনার ক্ষেত্রে এমন অভিযোগ বেশি। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওয়ার্ড বয় ক্রয়ের স্লিপ দেন। আবার প্রয়োজনের তুলনায় বেশি সামগ্রী কিনতেও বলা হয়। তবে অব্যবহৃত সামগ্রীর কোনো হিসাব পাওয়া যায় না।প্রসূতি বিভাগে সিজারিয়ান রোগীদের ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে। রোগীর স্বজন ও দিনমজুর আবুল হোসেন বলেন, স্ত্রীর অপারেশনের জন্য বাইরে থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে। তিনি বলেন, ‘আমি রিকশাচালক। ব্যয় বহন করতে পারব না বলেই সরকারি হাসপাতালে এসেছি। কিন্তু এখানেও খরচ বেশি।’সার্জারি ওয়ার্ডের এক রোগীর স্বজন জানান, সেলাইয়ের সুতা ও ইনজেকশন কিনতে তার ১,৬০০ টাকা ব্যয় হয়েছে। অথচ রোগীর শরীরে সেলাই দেওয়া হয়েছে মাত্র পাঁচটি।হাসপাতালের মেডিসিন স্টোরের ইনচার্জ অবনি কুমার বিশ্বাস বলেন, মেরোপেনেম ইনজেকশনের ঘাটতি রয়েছে। তবে এর বাইরে আপাতত অন্য কোনো ওষুধের ঘাটতি নেই। রোগীরা ওষুধ না পাওয়ার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইনচার্জরা ইনডেন্টের মাধ্যমে চাহিদা অনুযায়ী ওষুধ নিয়ে যান। কিন্তু রোগীরা কেন তা পাচ্ছেন না, সে বিষয়ে তার জানা নেই। স্টোরকিপার শরিফুর রহমান বলেন, অপারেশনের জন্য ব্যবহৃত সেলাইয়ের সুতা রয়েছে। তবে ক্যানুলা, ক্যাথেটার ও ইউরিন ব্যাগের সরবরাহ নেই।অচল ৩৮৬ চিকিৎসাযন্ত্রহাসপাতাল সূত্রে জানা গেছে, ছোট-বড় মিলিয়ে অন্তত ৩৮৬ ধরনের জরুরি চিকিৎসাযন্ত্র অচল হয়ে পড়ে আছে। এর মধ্যে রয়েছে পালস অক্সিমিটার ও নেবুলাইজারের মতো ছোট যন্ত্র থেকে শুরু করে সিটি স্ক্যান, ডায়ালাইসিস মেশিন, পোর্টেবল এক্স-রে এবং অ্যানেসথেশিয়া মেশিনের মতো আধুনিক সরঞ্জাম।রেডিওলজি বিভাগে দুটি সিটি স্ক্যান মেশিনের একটি ২০২৫ সালের ২৪ জুলাই থেকে সম্পূর্ণ অচল। ৯টি এক্স-রে মেশিনের মধ্যে তিনটি তিন বছর ধরে নষ্ট। দুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আটটি আলট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে সচল রয়েছে মাত্র তিনটি। বাকি পাঁচটির মধ্যে তিনটি পুরোপুরি নষ্ট এবং দুটি মেরামতযোগ্য। গত দুই বছর ধরেই এ পরিস্থিতি চলছে।তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীতে সংকটস্বাস্থ্য অধিদপ্তরের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের সবশেষ তথ্যানুযায়ী, হাসপাতালের অনুমোদিত ১,১১০টি পদের বিপরীতে কর্মরত ৮৯৯ জন। চিকিৎসকের ৩১১ পদের মধ্যে কর্মরত ২৮০ জন এবং নার্সের ৫১০ পদের মধ্যে ৪৯১ জন। মেডিকেল টেকনোলজিস্টের ১৩টি পদই পূরণ রয়েছে। তবে সবচেয়ে বড় সংকট তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের। এই শ্রেণিতে ২৩৯ পদের বিপরীতে কর্মরত মাত্র ৮৪ জন।চিকিৎসকদের ৩১ পদ শূন্য রয়েছে। এর মধ্যে গাইনি অ্যান্ড অবস, স্কিন ও ডিডি এবং ডেন্টাল বিভাগের সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেসথেসিয়া, সাইকোলজি, সার্জারি ও ইএনটি বিভাগের রেজিস্ট্রার, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী রেজিস্ট্রার, অ্যানেসথেসিওলজি, প্যাথলজি, ডেন্টাল, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রি ও ইএনটি বিভাগের বিভিন্ন পদ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বদলি, পদোন্নতি, উচ্চতর প্রশিক্ষণ এবং নবসৃষ্ট পদে নিয়োগ না হওয়ায় এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কোনো কোনো পদ ২০২৪ সাল থেকে খালি। আবার ২০২৬ সালেও বদলি ও উচ্চতর কোর্সে যাওয়ায় নতুন করে কয়েকটি পদ শূন্য হয়েছে।তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও বড় ধরনের ঘাটতি রয়েছে। ওয়ার্ড মাস্টার, স্টেরিলাইজার কাম-মেকানিক, টেলিফোন অপারেটর, ক্যাশ সরকার, নিরাপত্তা প্রহরী, কুক বা মশালচি, মালী, অফিস সহায়ক, ওয়ার্ড বয় ও ক্লিনারÑবিভিন্ন পদে উল্লেখযোগ্যসংখ্যক শূন্যপদ রয়েছে।১০০ রোগীর বিপরীতে একজন নার্সহাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক নূরুন নাহার পারভিন বলেন, মঞ্জুরিকৃত ৫১৬ নার্সিং পদের মধ্যে পূরণ রয়েছে ৪৬৮টি। ১২ নার্সিং সুপারভাইজার পদের বিপরীতে কর্মরত মাত্র তিনজন। ৪৪৮ সিনিয়র স্টাফ নার্স পদের মধ্যে কর্মরত ৪২১ জন এবং ৪৬ স্টাফ নার্স পদের বিপরীতে রয়েছেন ৩৬ জন।তিনি বলেন, হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ১,৯০০ রোগী ভর্তি থাকেন। রোগীর তুলনায় নার্সের সংখ্যা খুবই কম। বিশেষ করে শিশু ও মেডিসিন ওয়ার্ডে শয্যার তুলনায় তিনগুণ রোগী ভর্তি থাকেন। ফলে কোনো কোনো ওয়ার্ডে ১০০ রোগীর বিপরীতে একজন নার্সকে সেবা দিতে হচ্ছে।এদিকে, রোগীর অতিরিক্ত চাপ বিবেচনায় খুমেক হাসপাতালে আরো ৫০০ শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের ২০২৩ সালের ২ মে অনুষ্ঠিত সভায় বিভাগীয় পর্যায়ের আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়। একই সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৫০০ থেকে বাড়িয়ে দেড় হাজারে উন্নীত করার এবং ১২ তলা ভিতবিশিষ্ট নতুন ভবন নির্মাণের নির্দেশনা দেওয়া হয়। সভায় অনুমোদিত শয্যার তুলনায় দুই থেকে তিনগুণ রোগী ভর্তি থাকার বিষয়টি তুলে ধরে অতিরিক্ত রোগীদের মেঝে, বারান্দা ও খালি জায়গায় চিকিৎসা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর আগে ২০০৮ সালের হাসপাতালটিকে ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছিল। পরে ২০১৪ সালে এই হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীতের ঘোষণা দেওয়া হয়। তবে তা এখনো বাস্তবায়ন হয়নি।ভিন্নমত হাসপাতাল তত্ত্বাবধায়কেরহাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, বহির্বিভাগে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে চার হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল অফিসারদের দেরিতে আসার বিষয়ে তিনি জানান, সবাইকে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বহির্বিভাগের টিকিট সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেওয়া হয়।ওষুধ সংকটের অভিযোগ প্রসঙ্গে তার দাবি, হাসপাতালে ওষুধের সংকট নেই। তবে ৫০০ শয্যার বিপরীতে তিনগুণের বেশি রোগী ভর্তি থাকায় সরবরাহ থাকা সত্ত্বেও ওষুধ দ্রুত শেষ হয়ে যায়।তিনি বলেন, গত বছর ইডিসিএলের পাঁচ কোটি ৩০ লাখ টাকার ওষুধ পাওয়া গেলেও চলতি বছর তা বাড়িয়ে আট কোটি টাকার বেশি করা হয়েছে। হাসপাতালকে দেড় হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, একটি প্রস্তাব পাঠানো হয়েছিল বলে শুনেছি। তবে বর্তমানে সেটির অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই।